ভাগ্যে লেখা দ্বিতীয় বিয়ে! গোবিন্দার কোন পুরনো বিস্ফোরক মন্তব্যে উত্তাল নেটপাড়া?

বিবাহ বিচ্ছেদের মামলা তুলে নেওয়া হলেও বলিউড অভিনেতা গোবিন্দা ও সুনীতা আহুজার সম্পর্ক নিয়ে চর্চা কিছুতেই থামছে না নেটপাড়ায়। জনসমক্ষে সুনীতার বিভিন্ন মন্তব্য এবং গোবিন্দার প্রতিক্রিয়া নিয়ে যখন জলঘোলা চলছে, ঠিক তখনই অভিনেতার একটি পুরনো সাক্ষাৎকার নতুন করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে তাঁর দ্বিতীয় বিয়ে নিয়ে করা মন্তব্য ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক।
একসময়ের এক বিখ্যাত ম্যাগাজিনে দেওয়া সেই সাক্ষাৎকারে গোবিন্দা নিজের জন্মকুণ্ডলী নিয়ে কথা বলতে গিয়ে দাবি করেছিলেন, তাঁর ভাগ্যে নাকি দুটি বিয়ে করা লেখা রয়েছে। তিনি বলেছিলেন, কাল কে কী হবে কেউ জানে না। হয়তো তিনি অন্য কোনো মেয়ের প্রেমে পড়তে পারেন এবং তাঁকে বিয়েও করতে পারেন। তবে এর জন্য সুনীতাকে আগে থেকেই মানসিক প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছিলেন তিনি।
পাশাপাশি, সেই সাক্ষাৎকারে নিজের সহ-অভিনেত্রী জুহি চাওলা ও প্রয়াত অভিনেত্রী দিব্যা ভারতীকে নিয়েও খোলামেলা কথা বলেছিলেন গোবিন্দা। প্রয়াত দিব্যা ভারতীকে অত্যন্ত আকর্ষণীয় ও মোহময়ী আখ্যা দিয়ে তিনি বলেছিলেন, তাঁর চার্ম উপেক্ষা করা যে কোনো পুরুষের পক্ষেই কঠিন। তবে সুনীতা এসব শুনলে কষ্ট পেতে পারেন স্বীকার করেও গোবিন্দা দাবি করেছিলেন, তিনি এখনো সেই আবেগের বশে কোনো ভুল পদক্ষেপ নেননি এবং ভাগ্যে যা ঘটার সেটাই ঘটবে।
উল্লেখ্য, কিছুদিন আগেই বান্দ্রা ফ্যামিলি কোর্টে ছেলে যশবর্ধনকে সঙ্গে নিয়ে দেখা গিয়েছিল সুনীতাকে। এই দৃশ্য দেখে অনেকেই তাঁদের বিচ্ছেদের জল্পনা সত্যি বলে ধরে নিয়েছিলেন। যদিও পরে গোবিন্দার ম্যানেজার স্পষ্ট করে জানান যে, ২০২৪ সালে করা বিচ্ছেদ মামলাটি তাঁরা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিয়েছেন এবং সেই আইনি কাজেই আদালতে গিয়েছিলেন সুনীতা। ১৯৮৭ সালে কেরিয়ারের শিখরে থাকাকালীন সুনীতাকে বিয়ে করেছিলেন গোবিন্দা। শুরুতে সেই বিয়ে গোপন রাখা হলেও পরবর্তী সময়ে তাঁদের দুই সন্তান টিনা ও যশবর্ধনের জন্মের পর সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। পুরনো এই সাক্ষাৎকার নতুন করে ভাইরাল হওয়ায় তারকা দম্পতির ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনা ফের তুঙ্গে উঠেছে।