প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, চিরকুট লিখে আত্মঘাতী ১৭ বছরের কিশোরী! মহারাষ্ট্রে চাঞ্চল্য

প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে আত্মঘাতী হলো ১৭ বছর বয়সি এক কিশোরী। মহারাষ্ট্রের অমরাবতী জেলায় ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ সূত্রে জানা গেছে, বিষপান করার আগে ওই কিশোরী একটি চিরকুট লিখে গিয়েছিল, যেখানে সে তার প্রেমিকের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত্যুর আগে লেখা ওই চিরকুটে কিশোরী তার চরম সিদ্ধান্তের কারণ হিসেবে সামাজিক লোকলজ্জার কথা উল্লেখ করেছে। সে লিখেছে, এই যৌন নির্যাতনের ঘটনা জানাজানি হলে তার বাবাকে যে পরিমাণ সামাজিক কলঙ্ক ও মানসিক যন্ত্রণা সহ্য করতে হতো, তা সে সহ্য করতে পারবে না বলেই এই পথ বেছে নিতে বাধ্য হয়েছে।
সূত্রের খবর, বিষপানের পর তড়িঘড়ি পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকদের সমস্ত চেষ্টা বিফলে যায়। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই মৃত্যু হয় ওই কিশোরীর।
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ইতিমধ্যে সুইসাইড নোটটি উদ্ধার করেছে এবং সেটির ভিত্তিতে তদন্ত শুরু করেছে। অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই ঘটনায় ওই কিশোরীর পরিবার ও এলাকাবাসী অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।