এলডিসি-ইউডিসি কর্মীদের জন্য সুখবর, পদোন্নতি নিয়ে জট কাটল রাজ্য সরকারের বড় সিদ্ধান্তে

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গ্রুপ-সি ও গ্রুপ-ডি কর্মীদের জন্য এল বড় স্বস্তি। ২০১৯ সালের পর কম্পিউটার দক্ষতা পরীক্ষা ছাড়াই যেসব এলডিসি (LDC/LDA) বা ইউডিসি (UDC/UDA) কর্মীরা পদোন্নতি পেয়েছিলেন, তাঁদের পদোন্নতি বাতিল করছে না রাজ্য সরকার। নবান্নের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, ওই কর্মীদের বর্তমান পদ বা বেতন কোনওটাই কমানো হবে না।
তবে এই স্বস্তির পাশাপাশি একটি কঠোর শর্তও জুড়ে দিয়েছে প্রশাসন। নবান্ন সূত্রে খবর, পদোন্নতি বহাল থাকলেও সংশ্লিষ্ট কর্মীদের রাজ্য সরকারের নির্ধারিত NSATI-র কম্পিউটার অপারেশন ও টাইপিং পরীক্ষায় অবশ্যই উত্তীর্ণ হতে হবে। যতক্ষণ না এই পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছেন, ততক্ষণ ওই কর্মীদের বার্ষিক ইনক্রিমেন্ট বন্ধ থাকবে। অর্থাৎ পদ বহাল থাকলেও আর্থিক সুবিধা পাওয়ার জন্য পরীক্ষা পাশ করা বাধ্যতামূলক।
প্রসঙ্গত, ২০১৯ সালে ‘ওয়েস্ট বেঙ্গল সার্ভিসেস (রিক্রুটমেন্ট টু ক্লেরিকাল ক্যাডার) রুলস’ কার্যকর হওয়ার পর ৫০ বছরের বেশি বয়সিদের কম্পিউটার পরীক্ষায় ছাড় দেওয়ার নিয়ম বাতিল হয়ে গিয়েছিল। তবুও অনেকের ক্ষেত্রে নিয়ম না মেনেই পদোন্নতি দেওয়া হয়েছিল, যা নিয়ে বিভিন্ন দফতরে প্রশ্ন ওঠে। এরপরই এই নতুন নির্দেশিকা জারি করল রাজ্য। ভবিষ্যতে এই ধরণের অনিয়ম হলে তা সরাসরি বাতিল করা হবে বলেও সরকার কড়া হুঁশিয়ারি দিয়েছে।