লোহার রড দিয়ে পিটিয়ে নৃশংস হত্যা! পোষ্য ‘মাইকি’-র মৃত্যুতে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী মঞ্জরী

মুম্বইয়ের এক আবাসনে ঘটে গেল এক অমানবিক ও নৃশংস ঘটনা। আবাসনেরই পোষ্য সারমেয় ‘মাইকি’-কে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এই ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন ‘জানে তু… ইয়া জানে না’ খ্যাত অভিনেত্রী মঞ্জরী ফডনিস। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার বিবরণ দিতে গিয়ে অভিনেত্রী ন্যায়বিচারের দাবি জানিয়েছেন, যা দেখে শিউরে উঠেছে গোটা দেশ।

কী ঘটেছিল?
অভিনেত্রী জানান, ‘মাইকি’ নামের ওই সারমেয়টিকে আগে এক পরিবার দত্তক নিলেও পরে তাকে আবাসনেই ফেলে রেখে চলে যায়। সেই থেকেই আবাসনের বাসিন্দারা যৌথভাবে তার দেখভাল করতেন। কয়েকদিন ধরে মাইকিকে নিখোঁজ ছিল। পরে এক প্রতিবেশীর কাছ থেকে অভিনেত্রী জানতে পারেন, মাইকিকে লোহার রড ও লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয়েছে। এমনকি, রক্তাক্ত অবস্থায় তাকে টেনেহিঁচড়ে নিয়ে গিয়ে ব্যাগবন্দি করে ফেলে দেওয়া হয়েছিল। মারধরের সময় সে আধমরা অবস্থায় ছিল।

বলিউডের অন্দরে নিন্দার ঝড়
এই নৃশংসতার খবর প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন বলিউড তারকারা। ভূমি পেডনেকর ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সোশাল মিডিয়ায় লেখেন, “অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে হবে। মুম্বইবাসী মাইকির ওপর হওয়া এই নির্মম অত্যাচারের ন্যায়বিচার চায়।” করিশ্মা তন্নাও এই ঘটনার জন্য প্রাণীদের সুরক্ষায় থাকা ব্যবস্থার চরম ব্যর্থতাকে কাঠগড়ায় তুলেছেন।

নেটিজেনদের প্রশ্ন
সোশ্যাল মিডিয়ায় মঞ্জরীর শেয়ার করা ভিডিওটি ভাইরাল হতেই সাধারণ মানুষ প্রতিবাদে মুখর হয়েছেন। নেট নাগরিকদের একটাই প্রশ্ন, একটি নিরীহ প্রাণীর ওপর এমন অমানবিক আচরণ করার সাহস কার হয়? আইন ব্যবস্থা নিয়েও বড়সড় প্রশ্ন তুলেছেন অনেকে। পশুপ্রেমীরা অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন।

মঞ্জরী ফডনিসের এই আবেগঘন ভিডিও কেবল একজন অভিনেত্রীর কান্না নয়, বরং সমাজের এক অন্ধকার দিককেও তুলে ধরেছে। মাইকির এই করুণ পরিণতি যেন কোনোভাবেই ধামাচাপা না পড়ে, এখন সেটাই দাবি সকলের।