একটানা ৪৩৯৯ দিন! প্রধানমন্ত্রী হিসেবে মোদীর মুকুটে নয়া পালক, দেখুন কী কী কাজ করলেন তিনি

ভারতীয় রাজনীতির ইতিহাসে নতুন নজির গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জওহরলাল নেহরুর দীর্ঘদিনের রেকর্ড ভেঙে স্বাধীন ভারতের ইতিহাসে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দীর্ঘতম সময় ক্ষমতায় থাকার রেকর্ড গড়লেন তিনি। আজ, ১০ জুন, প্রধানমন্ত্রী হিসেবে মোদীর কার্যকালের ৪৩৯৯তম দিন পূর্ণ হলো।
১৯৪৭ সালের পর থেকে এতদিন পর্যন্ত একটানা ৪৩৯৮ দিন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের রেকর্ডটি ছিল স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর দখলে। ৬২ বছরের সেই রেকর্ড পেরিয়ে আজ নতুন উচ্চতায় পৌঁছালেন মোদী। এই বিশেষ দিনে গত ১২ বছরের সরকার পরিচালনার সাফল্যের খতিয়ান তুলে ধরে প্রধানমন্ত্রী জানালেন, আগামীর লক্ষ্য ‘সেবা, সুশাসন এবং সমৃদ্ধি’।
১২ বছরে মোদী সরকারের সাফল্যের মাইলফলক:
সাধারণ মানুষের কল্যাণ: ৮১ কোটিরও বেশি মানুষ পাচ্ছেন বিনামূল্যে রেশন। এছাড়া ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’য় ৪ কোটিরও বেশি পাকা বাড়ি এবং ১২ কোটিরও বেশি শৌচাগার নির্মাণ করা হয়েছে। উজ্বলা যোজনার মাধ্যমে ১০.৫ কোটির বেশি পরিবার পেয়েছে এলপিজি সংযোগ।
নারী ক্ষমতায়ন: ৩২ কোটির বেশি জন-ধন অ্যাকাউন্ট খোলা হয়েছে। ‘লাখপতি দিদি’ প্রকল্পের মাধ্যমে ৩ কোটি মহিলা স্বাবলম্বী হয়েছেন। সশস্ত্র বাহিনীতে মহিলাদের জন্য স্থায়ী কমিশন চালু করা হয়েছে।
পরিকাঠামো ও আধুনিকীকরণ: অটল সেতু, সুদর্শন সেতু এবং চেনাব রেল ব্রিজের মতো মেগা প্রজেক্ট সম্পন্ন হয়েছে। বন্দে ভারত ট্রেনের সংখ্যা ১৬৪-তে পৌঁছেছে, আর বিমানবন্দরের সংখ্যা ৭৪ থেকে বেড়ে হয়েছে ১৬৪।
স্বাস্থ্য সুরক্ষা: আয়ুষ্মান ভারত প্রকল্পে ৬০ কোটির বেশি মানুষ উপকৃত। ১৯,০০০-এর বেশি ‘জন ঔষধি কেন্দ্র’ থেকে স্বল্পমূল্যে ওষুধ পাচ্ছেন সাধারণ মানুষ।
যুবসমাজ ও কর্মসংস্থান: ২ কোটি মানুষকে দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। দেশে স্টার্টআপের সংখ্যা ২.২ লক্ষ ছাড়িয়েছে। মুদ্রা যোজনায় ক্ষুদ্র উদ্যোক্তাদের দেওয়া হয়েছে ৪০ লক্ষ কোটি টাকারও বেশি ঋণ।
মধ্যবিত্তের স্বস্তি: নতুন কর কাঠামোয় ১২.৭৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কার্যত করমুক্ত সুবিধা মিলছে। এমবিবিএস আসন সংখ্যা বৃদ্ধি পেয়েছে ১৫১ শতাংশ।
কৃষক কল্যাণ: ‘প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি’র মাধ্যমে সরাসরি ৪.৩ লক্ষ কোটি টাকা কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছেছে। ন্যূনতম সহায়ক মূল্যে (MSP) ২৬ লক্ষ কোটি টাকার ফসল ক্রয় করেছে সরকার।
জাতীয় নিরাপত্তা ও ঐতিহ্য: দেশের প্রতিরক্ষা রফতানি বেড়ে ৩৮,৪০০ কোটি টাকায় পৌঁছেছে। পাশাপাশি রাম মন্দির, কাশী বিশ্বনাথ ধাম ও কেদারনাথ ধামের মতো ঐতিহ্যের পুনরুন্নয়ন মোদী সরকারের অন্যতম বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথায়, দেশীয় সংস্কৃতির সংরক্ষণ এবং আধুনিক উন্নয়ন—এই দুইয়ের সমন্বয়েই ভারত দ্রুতগতিতে উন্নত রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে।