সব লাল হলেও সবুজ ভোডাফোন আইডিয়া! ১২ টাকা ছাড়িয়ে কোথায় গিয়ে থামবে এই মাল্টিব্যাগার স্টক?

সোমবার সপ্তাহের শুরুতেই বড়সড় ধাক্কা খেল ভারতীয় শেয়ার বাজার। একদিকে অপরিশোধিত তেলের চড়া দাম, অন্যদিকে ডলারের তুলনায় টাকার রেকর্ড পতন—এই দুইয়ের যাঁতাকলে পিষ্ট হয়ে দালাল স্ট্রিটে আজ রক্তের হোলি। নিফটি প্রায় ২৫০ পয়েন্ট খুইয়ে ২৩,৯০০-র ঘরে নেমে এসেছে, আর ব্যাঙ্ক নিফটির অবস্থা আরও শোচনীয়; যা প্রায় ৬০০ পয়েন্টের বেশি পড়ে বিনিয়োগকারীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। কিন্তু এই হাহাকারের মধ্যেও সম্পূর্ণ উল্টো পথে হেঁটে তাক লাগিয়ে দিল ভোডাফোন আইডিয়া (Vi)।
যখন বাজারের রাঘববোয়াল শেয়ারগুলো মুখ থুবড়ে পড়ছে, তখন ভোডাফোন আইডিয়ার শেয়ার রকেটের গতিতে ১০ শতাংশ বেড়ে ১২.৩৭ টাকায় পৌঁছে গিয়েছে। দিনের সর্বোচ্চ পর্যায়ে এটি ১২.৪৩ টাকা পর্যন্ত ছুঁয়ে ফেলে। কিন্তু প্রশ্ন উঠছে, বাজারের এই ‘সুনামি’র মাঝেও Vi কীভাবে নিজেকে বাঁচিয়ে রাখল?
ব্রিটেন থেকে আসা সেই গোপন ‘মাস্টারপ্ল্যান’
ব্লুমবার্গের একটি রিপোর্ট অনুযায়ী, ভোডাফোন গ্রুপ পিএলসি (ব্রিটেন) তাদের ভারতীয় ইউনিটকে আর্থিকভাবে ঘুরে দাঁড় করানোর জন্য এক অভাবনীয় পরিকল্পনা নিয়েছে। মূলত বকেয়া স্পেকট্রাম ফি নিয়ে ভারত সরকারের ছাড় পাওয়ার পর এবার কোম্পানি তার ব্যালেন্স শিট পরিষ্কার করতে চাইছে। খবর মিলছে, ভোডাফোন পিএলসি সরাসরি নগদ টাকা না ঢেলে তাদের হাতে থাকা ১৯ শতাংশ শেয়ারের (যার বাজারমূল্য প্রায় ২৩,১৬০ কোটি টাকা) একটি অংশ ট্রেজারি স্টক হিসেবে ভারতীয় কোম্পানিটিকে হস্তান্তর করতে পারে।
সাধারণ বিনিয়োগকারীদের লাভ কোথায়?
বাজার বিশেষজ্ঞদের মতে, এই শেয়ার হস্তান্তরের ফলে ভোডাফোন আইডিয়া বড় অঙ্কের পুঁজি সংগ্রহের রাস্তা খুঁজে পাবে। কোম্পানি এই শেয়ারগুলো বাজারে বিক্রি করে বা বন্ধক রেখে যে টাকা পাবে, তা সরাসরি নেটওয়ার্ক সম্প্রসারণ এবং পরিকাঠামো উন্নয়নে খরচ করা হবে। এর ফলে কোম্পানির ঋণের বোঝা কমবে এবং গ্রাহক পরিষেবা আরও উন্নত হবে।
নেতৃত্বে বদল ও আস্থার জোয়ার
আর্থিক কৌশলের পাশাপাশি কোম্পানির ম্যানেজমেন্টে বড় রদবদলও বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। গত ৫ মে রবীন্দ্র টাকার পদত্যাগ করার পর প্রবীণ শিল্পপতি কুমার মঙ্গলম বিরলা নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন। এই খবরটি বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে। বোনানজা রিসার্চের বিশ্লেষক খুশি মিস্ত্রির মতে, সরকারি সমর্থন এবং ফান্ড সংগ্রহের এই দ্বিমুখী আশাই স্টকটিকে আজকের বাজারে ‘সুপারহিরো’ বানিয়ে তুলেছে।
টাকা ছাপার মেশিন এই স্টক?
গত এক বছরের পরিসংখ্যান দেখলে চোখ কপালে উঠতে বাধ্য। এই এক বছরে ভোডাফোন আইডিয়া প্রায় ৮৪ শতাংশ রিটার্ন দিয়েছে। গত এক মাসেই বিনিয়োগকারীদের পকেটে ঢুকেছে ৩২ শতাংশ মুনাফা। আজ বাজারের এই ভয়াবহ পরিস্থিতিতেও ভোডাফোন আইডিয়ার বাজার মূলধন ১,৩১,৬৩৬ কোটি টাকায় পৌঁছেছে, যা প্রমাণ করে যে দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের কাছে এই টেলিকম স্টকটি এখন ‘মাল্টিব্যাগার’ হয়ে ওঠার পথে।