মমতাকে হারিয়ে আজই কুর্সিতে শুভেন্দু! ব্রিগেডে মোদী-সহ ২০ রাজ্যের মুখ্যমন্ত্রী, সাজো সাজো রব কলকাতায়

বাংলার ইতিহাসে এক অবিস্মরণীয় ‘সুপার স্যাটারডে’। কয়েক দশকের বাম জমানার অবসান ঘটিয়ে একসময় তৃণমূল ক্ষমতায় এসেছিল, আর আজ তৃণমূলের সেই দীর্ঘ শাসনকাল সরিয়ে প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের পর ভবানীপুর— টানা দু’বার মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে আজই দায়িত্ব বুঝে নিচ্ছেন মেদিনীপুরের ভূমিপুত্র।
শহর জুড়ে উৎসবের আমেজ: পাতে ‘পদ্ম সন্দেশ’
আজ ভোর থেকেই কলকাতার ছবিটা বদলে গিয়েছে। সকাল সকাল বাড়ির পুজো সেরে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন হবু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন কলকাতায়। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মূল মঞ্চের দু’পাশে তৈরি হয়েছে বিশাল হ্যাঙার। শুধু জয় শ্রীরাম ধ্বনি নয়, মাঠের আনাচে-কানাচে বিকোচ্ছে ‘পদ্ম সন্দেশ’ আর ঝালমুড়ি। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা কর্মী-সমর্থকদের উৎসাহ তুঙ্গে।
সাধু-সন্তদের ভিড় ও হিন্দুত্বের আবেগ
এদিনের শপথ অনুষ্ঠানে নজর কেড়েছে বিপুল সংখ্যক সাধু-সন্তদের উপস্থিতি। ব্রিগেডে উপস্থিত বিশ্ব হিন্দু পরিষদের এক সাধু সংবাদমাধ্যমকে জানান, “মোগল, ইংরেজ, কমিউনিস্ট থেকে শুরু করে জয় বাংলার শাসন— সব দেখেছি। কিন্তু গত কয়েক বছরের অত্যাচারী শাসনের পর আজ হিন্দুরা স্বস্তিতে নিঃশ্বাস নিতে পারছে। আজ আমাদের অত্যন্ত আনন্দের দিন।”
নিরাপত্তার চাদরে মুড়ল রেড রোড
ঐতিহাসিক এই শপথগ্রহণ অনুষ্ঠানের সুরক্ষায় কোনও ফাঁক রাখছে না প্রশাসন। মূল মঞ্চ এবং সংলগ্ন এলাকার নিরাপত্তার দায়িত্বভার নিয়েছে এসপিজি (SPG)। ব্রিগেডের বাইরে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। ভিভিআইপিদের যাতায়াতের জন্য তৈরি হয়েছে অস্থায়ী বিশেষ রাস্তা। মেগা এই ইভেন্টে উপস্থিত থাকছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি-সহ দেশের অন্তত ২০টি বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী।
ইতিহাস গড়ছেন শুভেন্দু অধিকারী
৫৫ বছর পর পশ্চিমবঙ্গ জেলা থেকে কোনো মুখ্যমন্ত্রী পেল। প্রফুল্ল চন্দ্র ঘোষের পর শুভেন্দুই মেদিনীপুর তথা জেলা থেকে আসা দ্বিতীয় কনিষ্ঠ মুখ্যমন্ত্রী হতে চলেছেন। গতকালই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিধায়কদের উপস্থিতিতে তাঁর নাম চূড়ান্ত করেন। আজ রাজভবনের চৌকাঠ পেরিয়ে রেড রোডের প্রকাশ্য মঞ্চে বাংলার মানুষের সামনে শপথ নেবেন শুভেন্দু।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর নিজের গড় ভবানীপুরে হারিয়ে শুভেন্দুর এই উত্থান জাতীয় রাজনীতিতেও বিজেপির শক্তি কয়েক গুণ বাড়িয়ে দিল।