এক বছরেই ভোলবদল ভারতীয় সেনার! ‘অপারেশন সিঁদুর’-এর বর্ষপূর্তিতে কাঁপছে পাকিস্তান? মোদীর এক ডাকে উত্তাল নেটপাড়া

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ক্ষত আজও টাটকা। কিন্তু সেই ক্ষতের যোগ্য জবাব দিতে ভারত যে সাহস দেখিয়েছিল, আজ তার এক বছর পূর্ণ হলো। এক বছর আগে ঠিক এই দিনেই পাক ভূখণ্ডে ঢুকে জঙ্গি পরিকাঠামো গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় বাহিনী— যার নাম ছিল ‘অপারেশন সিঁদুর’। বৃহস্পতিবার এই বিশেষ দিনে বীর সেনাদের সম্মান জানাতে নিজেদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলের ছবি (DP) পরিবর্তন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং তিন বাহিনীর প্রধানরা।
৩০ মিনিটের অপারেশন, ৮৮ ঘণ্টার টানটান উত্তেজনা
কারগিল যুদ্ধের পর ভারতীয় সশস্ত্র বাহিনীর ইতিহাসে ‘অপারেশন সিঁদুর’ একটি মাইলফলক। আধ ঘণ্টারও কম সময়ের সেই অভিযানে ভারত বুঝিয়ে দিয়েছিল, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের নীতি এখন ‘জিরো টলারেন্স’। অভিযানের পরবর্তী ৮৮ ঘণ্টা সীমান্ত জুড়ে যে চরম সামরিক উত্তেজনা তৈরি হয়েছিল, তাতে ভারতীয় সেনার রণকৌশলের কাছে কার্যত নতিস্বীকার করতে বাধ্য হয় প্রতিবেশী দেশ।
সেনার হাতে এল ৬.৮১ লক্ষ কোটি টাকার ‘কবচ’
অপারেশন সিঁদুরের পর গত এক বছরে ভারতীয় সেনার পরিকাঠামোয় এসেছে বৈপ্লবিক পরিবর্তন। গত বছর যেখানে প্রতিরক্ষা সরঞ্জামের জন্য অনুমোদনের পরিমাণ ছিল ১.৭৬ লক্ষ কোটি টাকা, এ বছর তা একধাক্কায় বেড়ে দাঁড়িয়েছে ৬.৮১ লক্ষ কোটি টাকা।
প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, এই বিশাল অর্থ খরচ করা হচ্ছে দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা প্ল্যাটফর্ম, স্টেলথ যুদ্ধজাহাজ, বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং ড্রোন-বিরোধী প্রযুক্তির পেছনে। বিশেষ নজর দেওয়া হয়েছে ‘সেন্সর-টু-শুটার টাইমলাইন’ কমানোর ওপর, যাতে শত্রুর গতিবিধি টের পাওয়া মাত্রই নিমেষের মধ্যে পালটা আঘাত হানা সম্ভব হয়।
আত্মনির্ভর ভারত ও ফাস্ট-ট্র্যাক ব্যবস্থা
সরকার এখন বিদেশি আমদানির বদলে দেশীয় সংস্থাগুলির তৈরি সরঞ্জামে বেশি গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি চালু হয়েছে জরুরি ক্রয়ের ক্ষমতা, যার ফলে ৩০,০০০ কোটি টাকার সরঞ্জাম দ্রুত সংগ্রহ করা সম্ভব হচ্ছে। এই নয়া ব্যবস্থায় অস্ত্র সংগ্রহের সময়কাল প্রায় ৩০-৫০ শতাংশ কমে আসবে।
“ভারত কিছুই ভোলে না, ক্ষমা করে না”
বর্ষপূর্তির এই আবহে ভারতীয় বায়ুসেনা একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছে, যেখানে দেখানো হয়েছে কীভাবে গত বছর নিখুঁত নিশানায় পাকিস্তানের জঙ্গি আস্তানাগুলো অচল করে দেওয়া হয়েছিল। বায়ুসেনার এক্স (টুইটার) হ্যান্ডেল থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে— “অপারেশন সিঁদুর, ন্যায়বিচার প্রতিষ্ঠিত। ভারত কিছুই ভোলে না—ভারত কিছুই ক্ষমা করে না।”
প্রধানমন্ত্রী মোদীও নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, “সন্ত্রাসবাদকে হারাতে এবং এর সহায়ক পরিবেশকে ধ্বংস করতে আমরা আমাদের সংকল্পে অটল রয়েছি।” প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, ‘অপারেশন সিঁদুর’ এখন আর কেবল একটি সামরিক অভিযান নয়, এটি ভারতের নয়া কৌশলগত শক্তির প্রতীক।