গলায় কালো চাদর, সুপ্রিম কোর্টে মমতা! দেশের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে কি আজ নিজেই সওয়াল করবেন?

ভারতের বিচারব্যবস্থার ইতিহাসে কি আজ এক নতুন অধ্যায় তৈরি হতে চলেছে? বুধবার সকাল থেকেই এই প্রশ্নে উত্তাল জাতীয় রাজনীতি। দেশের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে পদে থাকাকালীন কি সুপ্রিম কোর্টে নিজেই নিজের মামলার সওয়াল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়? এই জল্পনা কয়েক গুণ বাড়িয়ে দিয়ে নির্ধারিত সময়ের অনেক আগেই দেশের শীর্ষ আদালতে পৌঁছে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী।

সকাল ১০টা নাগাদ সুপ্রিম কোর্টে প্রবেশ করেন মমতা। তবে সবার নজর কেড়েছে তাঁর পোশাক। আইনজীবীদের জন্য নির্দিষ্ট কালো গাউন বা শামলা তাঁর পরনে ছিল না। বরং চিরাচরিত সাদা শাড়ির সঙ্গে তাঁর গলায় জড়ানো ছিল একটি কালো চাদর। রাজনৈতিক মহলের মতে, রাজ্যে এসআইআর (SIR) প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই তিনি এই কালো চাদর বেছে নিয়েছেন। এর আগে নির্বাচন সদনে যাওয়ার সময়ও তাঁকে এই একই বেশে দেখা গিয়েছিল। আইনজীবীর পোশাক না থাকায় তিনি সরাসরি সওয়াল করবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা থাকলেও শীর্ষ আদালতের করিডোরে তাঁর উপস্থিতি অন্য মাত্রা যোগ করেছে।

এদিন প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বৃহত্তর বেঞ্চে এসআইআর সংক্রান্ত তিনটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি রয়েছে। তালিকার ২১ নম্বরে রয়েছে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন ও দোলা সেনের মামলা। ৩৬ নম্বরে রয়েছে কবি জয় গোস্বামীর পিটিশন এবং ৩৭ নম্বরে রয়েছে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলা। সবকটি মামলার শুনানি একসঙ্গে হওয়ার কথা। কয়েকদিন আগেই মমতা বলেছিলেন, “প্রয়োজনে মানুষের হয়ে সওয়াল করব।” আজ সেই ‘সওয়াল’ তিনি এজলাসে করেন কি না, এখন সেটাই দেখার।