১৬ বছরের বিস্ময় বালকের দাপট! ১.৫ কোটির গলফ টুর্নামেন্টে ‘ম্যাজিক’ দেখালেন কার্তিক সিং

ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে গলফ খেলার এক নতুন অধ্যায় শুরু হলো। নয়া রায়পুরের ফেয়ারওয়ে গলফ অ্যান্ড লেক রিসোর্টে আয়োজিত ‘SECL ছত্তিশগড় ওপেন ২০২৬’-এর উদ্বোধনী দিনে সব আলো কেড়ে নিলেন ১৬ বছর বয়সী এক কিশোর খেলোয়াড়। ১.৫ কোটি টাকার এই মেগা টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের অর্থমন্ত্রী ওপি চৌধুরী। আর মাঠের লড়াইয়ে প্রথম দিনেই জাদুকরী অভিষেক ঘটালেন গুরুগ্রামের তরুণ গলফার কার্তিক সিং।

নিজের প্রথম ডিপি ওয়ার্ল্ড পিজিটিআই টুর্নামেন্টেই ৮-আন্ডার ৬১ স্কোর করে সবাইকে চমকে দিয়েছেন কার্তিক। যদিও খেলার শুরুতে প্রথম হোলে একটি বোগি খেয়ে কিছুটা চাপে ছিলেন তিনি, তবে ১টি ঈগল এবং ৭টি বার্ডি নিয়ে যেভাবে তিনি লিডারবোর্ড দখল করেছেন, তা এক কথায় অসাধারণ। কার্তিকের ঠিক পরেই ৭-আন্ডার ৬২ স্কোর করে দ্বিতীয় স্থানে রয়েছেন হানি বৈসোয়া, মোহাম্মদ আজহার এবং আর্যমান রাউতেলা।

অনুষ্ঠানের উদ্বোধন করে অর্থমন্ত্রী ওপি চৌধুরী বলেন, “আমাদের লক্ষ্য নয়া রায়পুরকে কেবল প্রশাসনিক রাজধানী নয়, বরং খেলাধুলা ও পর্যটনের কেন্দ্রস্থল হিসেবে গড়ে তোলা। এই ধরনের টুর্নামেন্ট রাজ্যে বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হবে।” টুর্নামেন্টের শেষ দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি এবং পিজিটিআই চেয়ারম্যান কপিল দেব, যাকে ঘিরে ক্রীড়াপ্রেমীদের মধ্যে তুঙ্গে উত্তেজনা। কার্তিক সিংয়ের এই চিত্তাকর্ষক শুরু ছত্তিশগড়কে গলফ মানচিত্রে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিল।

Samrat Das
  • Samrat Das