কোটিপতি হওয়ার নেশায় সর্বনাশ! তান্ত্রিকের ‘টাকার বৃষ্টি’র ফাঁদে পড়ে আড়াই লক্ষ খুইয়ে ধুন্ধুমার কাণ্ড

ছত্তিশগড়ের বিলাসপুরে এক ভণ্ড তান্ত্রিকের ‘টাকার বৃষ্টি’র মিথ্যে প্রতিশ্রুতিকে কেন্দ্র করে ঘটে গেল লঙ্কাকাণ্ড। তন্ত্র-মন্ত্রের মাধ্যমে টাকা দ্বিগুণ করে কোটিপতি বানানোর টোপ দিয়ে চার যুবকের কাছ থেকে আড়াই লক্ষ টাকা হাতিয়ে নেয় বিজয় কুমার রাজ নামের এক তথাকথিত তান্ত্রিক। কিন্তু প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ক্ষিপ্ত যুবকরা তান্ত্রিককে মাঝরাস্তায় পিটিয়ে তার গাড়ি এবং মূল্যবান জিনিসপত্র লুট করে পালায়।

রতনপুর থানা এলাকার এই ঘটনার সূত্রপাত একটি ভিডিওকে কেন্দ্র করে। সেখানে দেখানো হয়েছিল, তান্ত্রিকের পুজোর প্রভাবে আকাশ থেকে টাকার বান্ডিল বৃষ্টি হচ্ছে। এই জাদুকরী দৃশ্য দেখে কোরিয়া জেলার চার যুবক প্রলোভনে পড়ে ৩০ জানুয়ারি তান্ত্রিকের ডেরায় পৌঁছায়। অভিযোগ, তান্ত্রিক ও তার সহযোগীরা পুজোর নামে যুবকদের থেকে আড়াই লক্ষ টাকা হাতিয়ে নিয়ে সটকে পড়ে। টাকা ফেরত না পেয়ে ৩১ জানুয়ারি রাত সাড়ে ৩টে নাগাদ রতনপুরের একটি ধাবার সামনে তান্ত্রিককে আক্রমণ করে ওই চার যুবক। তাকে মারধর করে তার গাড়ি, তিনটি মোবাইল এবং নগদ টাকা লুট করে তারা।

বিলাসপুর পুলিশের এসএসপি রজনীশ সিংয়ের নির্দেশে গঠিত বিশেষ দল মোবাইল লোকেশন ট্র্যাক করে অম্বিকাপুর ও কোরিয়া থেকে চার অভিযুক্তকে গ্রেফতার করেছে। উদ্ধার হয়েছে তান্ত্রিকের চুরি যাওয়া গাড়িটিও। পুলিশি তদন্তে জানা গেছে, তান্ত্রিক বিজয় কুমার রাজ নিজেই একজন বড় প্রতারক এবং তন্ত্র-মন্ত্রের নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করত। বর্তমানে বিলহা থানায় তান্ত্রিকের বিরুদ্ধে প্রতারণার মামলা এবং চার যুবকের বিরুদ্ধে লুটের মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।