সংসদে আজ মোদীর মেগা শো! আট সাংসদ সাসপেন্ড হওয়ার আবহে বিরোধীদের ধোলাই দেবেন প্রধানমন্ত্রী?

বুধবার বাজেট অধিবেশনের কেন্দ্রবিন্দুতে থাকতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদের উভয় কক্ষে রাষ্ট্রপতির ভাষণের ওপর ‘ধন্যবাদ প্রস্তাব’ নিয়ে চলা দীর্ঘ আলোচনার পর আজই প্রধানমন্ত্রী তাঁর জবাবি ভাষণ দেবেন। লোকসভায় এই প্রস্তাবটি উত্থাপন করেছেন সর্বানন্দ সোনোয়াল এবং সমর্থন জানিয়েছেন তেজস্বী সূর্য। আলোচনার জন্য মোট ১৮ ঘণ্টা সময় বরাদ্দ করা হয়েছিল। তবে প্রধানমন্ত্রীর বক্তব্যের আগে সংসদের পরিবেশ কার্যত অগ্নিগর্ভ।

মঙ্গলবার লোকসভায় আলোচনা চলাকালীন বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রাক্তন সেনাপ্রধান জেনারেল এমএম নারাভানের অপ্রকাশিত স্মৃতিকথার প্রসঙ্গ তোলায় সরকার ও বিরোধীদের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, নিয়ম লঙ্ঘন ও “চেয়ারের দিকে কাগজ ছোড়ার” অভিযোগে কংগ্রেস ও সিপিআই(এম)-এর মোট আটজন সাংসদকে পুরো অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয়েছে। সাসপেন্ড হওয়া তালিকায় রয়েছেন হিবি ইডেন, মানিকম ঠাকুর ও এস ভেঙ্কটেসানের মতো হেভিওয়েট নাম। এদিকে রাহুল গান্ধী স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখে অভিযোগ করেছেন যে, জাতীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁকে কথা বলতে বাধা দেওয়া হচ্ছে।

অন্যদিকে, আজ সংসদের কার্য তালিকায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির (PAC) গুরুত্বপূর্ণ রিপোর্ট পেশের বিষয়টিও রয়েছে। রেলের সময়ানুবর্তিতা থেকে শুরু করে কৃষি বিমা প্রকল্পের অডিট রিপোর্ট—একাধিক বিষয়ে সরকারের পদক্ষেপ নিয়ে এই রিপোর্ট পেশ করবেন সাংসদ জয় প্রকাশ ও বালাসৌরি ভাল্লাভানেনি। ২ এপ্রিল পর্যন্ত চলা এই দীর্ঘ বাজেট অধিবেশনে ১৩ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত একটি বিরতি থাকবে, যাতে সংসদীয় কমিটিগুলি বিভিন্ন মন্ত্রকের অনুদানের দাবিগুলো খতিয়ে দেখতে পারে।