টি-টোয়েন্টি ক্রিকেটে টিম ইন্ডিয়ার রাজত্ব! অবিশ্বাস্য পরিসংখ্যান দেখে কাঁপছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড

২০২৩ সালের অক্টোবর মাস থেকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ভারত যে উচ্চতায় পৌঁছেছে, তা রীতিমতো অবিশ্বাস্য। পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, এই সময়ের মধ্যে ভারত ৪৮টি ম্যাচ জিতেছে এবং হেরেছে মাত্র ৮টিতে। জয়ের এই হারের ধারেকাছে নেই কোনো দেশ। তালিকার দ্বিতীয় স্থানে থাকা শক্তিশালী অস্ট্রেলিয়া জিতেছে ২৮টি ম্যাচ এবং হেরেছে ১৩টিতে। অর্থাৎ, ভারত কার্যত একতরফাভাবে বিশ্ব ক্রিকেট শাসন করছে।
রান রেটের নিরিখেও ভারত এখন বিশ্বসেরা। ওভার প্রতি ৯.৬৯ রান তুলে ভারত প্রমাণ করে দিয়েছে যে তারা কতটা আক্রমণাত্মক ক্রিকেট খেলছে। এই তালিকায় ইংল্যান্ড ৯.৬৭ এবং অস্ট্রেলিয়া ৯.৫৫ রান রেট নিয়ে ভারতের ঠিক পিছনেই রয়েছে। বড় রানের ইনিংস খেলার ক্ষেত্রেও টিম ইন্ডিয়া অনন্য। গত ৬২টি ম্যাচের মধ্যে ২০ বার ২০০ বা তার বেশি রান করার নজির গড়েছে ভারত, যেখানে ওয়েস্ট ইন্ডিজ ৬১ ম্যাচে মাত্র ১৩ বার এই কৃতিত্ব অর্জন করতে পেরেছে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাম্প্রতিক সিরিজটি ভারতের এই আধিপত্যকে আরও স্পষ্ট করে তুলেছে। মাত্র ১০ ওভারে ১৫৪ রান তুলে ম্যাচ জেতার মতো রেকর্ডও গড়েছে সূর্যকুমাররা। কিউইদের বিরুদ্ধে সিরিজে ভারতের রান রেট ছিল ১২.৩৫, যা ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ। মজার বিষয় হলো, তালিকার শীর্ষস্থানটিও ভারতেরই দখলে (বাংলাদেশের বিরুদ্ধে ১২.৫৪)। ২০২৩-এর অক্টোবর থেকে ভারতীয় ব্যাটাররা মোট ১০৮১টি ছক্কা মেরেছেন, যার গড় হিসেবে প্রতি ১১ বলের ব্যবধানে একটি করে ছক্কা মাঠের বাইরে আছড়ে পড়েছে।