মুম্বই বিমানবন্দরে মাঝ আকাশে নয়, মাটিতেই দুই বিমানের ডানা-ঘষা! অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে এক ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগোর দুটি যাত্রীবাহী বিমান। মঙ্গলবার রানওয়ের ট্যাক্সিওয়েতে চলাচলের সময় দুটি বিমানের ডানার অগ্রভাগ বা ‘উইংটিপ’-এ সজোরে ধাক্কা লাগে। ঘটনার সময় দুটি বিমানেই প্রচুর যাত্রী ছিলেন, যার ফলে মুহূর্তের মধ্যে বিমানবন্দরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সূত্রের খবর, এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI 2732 কোয়েম্বাটোর যাওয়ার জন্য পুশব্যাক করছিল, ঠিক সেই সময় হায়দরাবাদ থেকে আসা ইন্ডিগোর ফ্লাইট 6E 791 পার্কিং বে-র দিকে যাচ্ছিল। তখনই দুই বিমানের ডানায় ঘষা লাগে। এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, এই সংঘর্ষে তাদের বিমানের ডানার অগ্রভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানটিকে গ্রাউন্ডেড করা হয়েছে এবং যাত্রীদের বিকল্প বিমানে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
ইন্ডিগো কর্তৃপক্ষও ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছে, তাদের সমস্ত যাত্রী ও ক্রু সুরক্ষিত আছেন। ব্যস্ততম এই বিমানবন্দরে কীভাবে দুই পাইলটের নজর এড়িয়ে এই ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই এয়ারপোর্ট অথরিটি এবং দুই বিমান সংস্থা উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে। প্রোটোকল মেনে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশনকেও (DGCA) বিষয়টি জানানো হয়েছে।