NJP যাচ্ছেন? প্ল্যাটফর্মের সব নম্বর রাতারাতি বদলে গেল! এখনই না জানলে মিস হবে ট্রেন

উত্তরবঙ্গের প্রবেশদ্বার নিউ জলপাইগুড়ি (NJP) স্টেশনে যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়াতে আমূল পরিবর্তন আনল উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের কাটিহার ডিভিশন। স্টেশনে নতুন দুটি প্ল্যাটফর্ম তৈরি হওয়ার পাশাপাশি পুরনো সবকটি প্ল্যাটফর্মের নম্বর বদলে ফেলা হয়েছে। এর ফলে দূরপাল্লার ট্রেন ধরার ক্ষেত্রে যাত্রীদের বিভ্রান্তি এড়াতে নতুন তালিকা প্রকাশ করেছে রেল কর্তৃপক্ষ।

এখন থেকে স্টেশনের প্রধান প্রবেশপথের পাশের নবনির্মিত প্ল্যাটফর্ম দুটি হবে ১ এবং ২ নম্বর। সংশোধিত নম্বর অনুযায়ী, আগে যা ১এ (1A) ছিল, তা এখন ৩ নম্বর প্ল্যাটফর্ম। একইভাবে পুরনো ১ নম্বর হয়েছে ৪, ২ নম্বর হয়েছে ৫, ৩ নম্বর হয়েছে ৬, ৪ নম্বর হয়েছে ৭ এবং পুরনো ৫ নম্বর প্ল্যাটফর্মটি এখন থেকে ৮ নম্বর হিসেবে পরিচিত হবে।

এই আমূল পরিবর্তনের ফলে গুরুত্বপূর্ণ ট্রেনগুলির জায়গাও বদলে গিয়েছে। কামাখ্যা-হাওড়া বন্দে ভারত স্লিপার, রাজধানী এক্সপ্রেস এবং গরিব রথ এক্সপ্রেস এখন থেকে ৬ নম্বর প্ল্যাটফর্মে আসবে। হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের (২২৩০২) জন্য নির্ধারিত হয়েছে ৪ নম্বর প্ল্যাটফর্ম। অন্যদিকে, নিউ জলপাইগুড়ি-আরা এক্সপ্রেস পাওয়া যাবে ২ নম্বর প্ল্যাটফর্মে। যাত্রীদের সুবিধার্থে ডিজিটাল ডিসপ্লে বোর্ড এবং স্টেশনের ঘোষণা ভালো করে শোনার পরামর্শ দিচ্ছে রেল। এই নতুন বিন্যাসের ফলে ট্রেনের যাতায়াত আরও সুগম হবে এবং স্টেশনে ভিড় নিয়ন্ত্রণ সহজ হবে বলে আশা করা হচ্ছে।