“আমাদের মন্দিরে লুটপাট হয়েছে, আমরা মুখ বুজে সয়েছি!” অজিত ডোভালের মন্তব্যে তোলপাড় দেশ

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) অজিত ডোভাল শুক্রবার এক অনুষ্ঠানে ইতিহাসের এক অন্ধকার অধ্যায় তুলে ধরে বর্তমান প্রজন্মের জন্য এক শক্তিশালী বার্তা দিয়েছেন। ‘বিকশিত ভারত যুব নেতা সংবাদ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ভারতের স্বাধীনতার জন্য কয়েক প্রজন্ম ধরে অবমাননা, বিনাশ এবং সীমাহীন ক্ষতি সহ্য করতে হয়েছে। আজকের যে স্বাধীন ভারত আমরা দেখছি, তা সব সময় এত মুক্ত ছিল না।

ডোভাল আক্ষেপের সুরে বলেন, “আমাদের পূর্বপুরুষরা চরম অসহায়তার দিন কাটিয়েছেন। আমাদের গ্রাম পুড়িয়ে দেওয়া হয়েছিল, সভ্যতা নষ্ট করা হয়েছিল এবং চোখের সামনে মন্দির লুঠ হতে আমরা অসহায়ভাবে দেখেছি। অনেকে ফাঁসিকাষ্ঠে প্রাণ দিয়েছেন।” তিনি যুবকদের উদ্দেশে বলেন, ‘প্রতিশোধ’ শব্দটি শুনতে আদর্শ না মনে হলেও, এটি একটি শক্তিশালী শক্তি। আমাদের ইতিহাসের সেই পরাজয় ও অপমানের বদলা নিতে হবে দেশকে এমন এক উচ্চতায় পৌঁছে দিয়ে, যেখানে ভারতের অধিকার, মূল্যবোধ এবং বিশ্বাস মাথা উঁচু করে দাঁড়াতে পারে।

তিনি সতর্ক করে বলেন, ভারতের প্রাচীন সভ্যতা অত্যন্ত উন্নত ও শান্তিপূর্ণ ছিল, আমরা কোনো বিদেশ আক্রমণ করিনি বা অন্য ধর্মের উপাসনালয় ভাঙিনি। কিন্তু আমাদের বড় ব্যর্থতা ছিল নিজেদের নিরাপত্তা এবং আসন্ন বিপদকে চিনতে না পারা। ডোভাল হুঁশিয়ারি দেন যে, যদি আগামী প্রজন্ম ইতিহাসের এই শিক্ষা ভুলে যায়, তবে সেটি হবে দেশের জন্য সবচেয়ে বড় ট্র্যাজেডি। ভগৎ সিংয়ের বলিদান থেকে সুভাষ বোসের আজীবন লড়াই এবং মহাত্মা গান্ধীর সত্যাগ্রহের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ার আহ্বান জানান। ভারত মণ্ডপম-এ চলমান এই সম্মেলন আগামী ১২ জানুয়ারি পর্যন্ত চলবে।