কলকাতা ও হাওড়ায় বাড়ছে ওয়ার্ডের সংখ্যা! পুরভোটের আগে বিধানসভায় পেশ সংশোধনী বিল

কলকাতা ও হাওড়া পৌরনিগমে ওয়ার্ডের সংখ্যা বৃদ্ধির পথে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। পুরভোটের আগে ওয়ার্ড পুনর্বিন্যাসের পথ প্রশস্ত করতে বুধবার বিধানসভার এক দিনের বিশেষ অধিবেশনে এই সংক্রান্ত দু’টি পৃথক সংশোধনী বিল পেশ করা হয়। পাশাপাশি পুরনো সংশোধনী বিল প্রত্যাহারের প্রস্তাবও আনা হয়। প্রশাসনের দাবি, এই সংশোধনী বিল দু’টি পাশ হলে ওয়ার্ড পুনর্বিন্যাসের ভিত্তিতে পরবর্তী পুরনির্বাচন প্রক্রিয়া অনেক সহজ হবে। বিল নিয়ে আলোচনায় শাসক ও বিরোধী উভয় পক্ষের বিধায়করাই অংশ নেন।
হাওড়া ও বালি সংযুক্তি নিয়ে তরজা
এদিনের অধিবেশনে হাওড়ার অনুন্নয়ন প্রসঙ্গ টেনে পূর্ববর্তী সরকারকে তীব্র আক্রমণ করেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বিলের সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী উমেশ রাই বলেন, ২০১৩ সালে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্বাচন হয়েছিল এবং ২০১৫ সালে বালিকে হাওড়ার সঙ্গে যুক্ত করা হয়। কিন্তু ২০১৮ সালে নির্বাচন না করিয়ে সেখানে প্রশাসক বসানো হয়। তখন ছ’মাসের মধ্যে ওয়ার্ড পুনর্বিন্যাস করে নির্বাচন করার কথা বলা হলেও, সেই মেয়াদ বাড়াতে বাড়াতে প্রায় আট বছর কেটে গিয়েছে।
অন্যদিকে, প্রাক্তন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম দাবি করেন যে, নাগরিক পরিষেবার উন্নতির জন্যই বালিকে হাওড়ার সঙ্গে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছিল, যদিও সেই প্রক্রিয়ায় কিছু পদ্ধতিগত ত্রুটি ছিল।
বিধানসভায় ফিরহাদ ও জিতেন তিওয়ারির সংঘাত
বালিকে হাওড়ার সঙ্গে যুক্ত করার প্রসঙ্গে ফিরহাদ হাকিম বক্তব্য রাখার সময় বিজেপি বিধায়ক জিতেন তিওয়ারি আপত্তি তুলে বলেন, ‘‘যিনি হাউসের সদস্য নন, তাঁর নাম কেন নিলেন?’’ জবাবে ক্ষুব্ধ ফিরহাদ বলেন, ‘‘জিতেন, আমি তোমার থেকে সিনিয়র। আমাকে বলতে হবে না যে আমি কোনটা বলতে পারব? আর বলব না? ভুলে যেও না, তুমি আমার আন্ডারেই মেয়র ছিলে।’’
এরপর ঠিকাদারি সংক্রান্ত বিষয় নিয়ে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। ফিরহাদ হাকিম উমেশ রাইকে উদ্দেশ্য করে বলেন, ‘‘ঠিকাদারি নিয়ে কথা বলছেন আপনারা! আপনাকেই তো ঠিকাদারের সঙ্গে বৈঠক করতে দেখা গেল, যা নিয়ে আপনার দলের কর্মীরাও বিক্ষোভ দেখিয়েছে।’’ দুই নেতার এই রাজনৈতিক তরজায় বিধানসভার পরিবেশ বেশ কিছুক্ষণের জন্য উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে স্পিকার হস্তক্ষেপ করেন এবং জানান যে ফিরহাদ হাকিমের করা ওই নির্দিষ্ট মন্তব্যটি কার্যবিবরণী (Proceedings) থেকে বাদ দেওয়া হবে।