পারিবারিক বিবাদের রক্তাক্ত পরিণতি! ব্যারাকপুরে ভাইপোকে চপার দিয়ে কুপিয়ে খুন কাকার

পারিবারিক বিবাদের জেরে নিজের ভাইপোকে চপার দিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল কাকার বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর শিল্পাঞ্চলের মোহনপুর থানার অন্তর্গত শিউলি এলাকায়। এই ঘটনায় অভিযুক্ত কাকা সুন্দর বাল্মিকীকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম ছটু বাল্মিকী। কাকা সুন্দরের সঙ্গে দীর্ঘদিনের পারিবারিক বিবাদ ছিল ছটুর। এদিন সেই বিবাদ চরম আকার ধারণ করে এবং দুজনের মধ্যে প্রবল বচসা শুরু হয়। বচসা চলাকালীন আচমকাই সুন্দর একটি চপার নিয়ে ভাইপোর ওপর চড়াও হন। অভিযোগ, তিনি ছটুকে লক্ষ্য করে এলোপাথাড়ি কোপাতে শুরু করেন। পরিবারের সদস্যরা তাঁকে বাঁচাতে এলে অভিযুক্ত তাঁদের ওপরও আক্রমণ করেন। রক্তাক্ত অবস্থায় ছটুকে উদ্ধার করে বি এন বোস মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
মোহনপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত সুন্দর বাল্মিকীকে পাকড়াও করেছে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঠিক কী নিয়ে এই পুরনো শত্রুতা ছিল এবং কেনই বা তা খুনের পর্যায়ে পৌঁছাল, তা খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় গোটা শিউলি এলাকায় শোকের পাশাপাশি তীব্র আতঙ্ক ছড়িয়েছে।