“ঘাড় ধাক্কা দিয়ে বের করব!” জলপাইগুড়িতে তৃণমূল সদস্যদের ওপেন চ্যালেঞ্জ বিজেপি নেতার

নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার আগেই উত্তপ্ত উত্তরবঙ্গের রাজনীতি। জলপাইগুড়িতে বিজেপির ‘পরিবর্তন সংকল্প যাত্রা’র মঞ্চ থেকে তৃণমূল সদস্যদের ‘ঘাড় ধাক্কা’ দেওয়ার নিদান দিয়ে বিতর্কের ঝড় তুললেন বিজেপি জেলা কমিটির সহ-সভাপতি চন্দন বর্মন। শুক্রবার সদর ব্লকের মানিকগঞ্জ এলাকায় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের উপস্থিতিতেই এই চাঞ্চল্যকর মন্তব্য করেন তিনি।
চন্দন বর্মনের অভিযোগ, গত পঞ্চায়েত নির্বাচনে ছাপ্পা ভোটের মাধ্যমে জেলা পরিষদ দখল করেছে তৃণমূল। জনসভায় সরাসরি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “বিজেপি ক্ষমতায় আসা মাত্রই জেলা পরিষদ পুনর্দখল করা হবে। যারা ছাপ্পা ভোটে জিতেছেন, তাদের ইস্তফা দিতে বাধ্য করা হবে। স্বেচ্ছায় না সরলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব।” বিপ্লব দেবের মতো কেন্দ্রীয় স্তরের নেতার সামনে এই ‘বলপূর্বক’ দখলের বার্তায় অস্বস্তিতে জেলা প্রশাসনও।
পাল্টা প্রতিক্রিয়ায় তৃণমূল জেলা সম্পাদক বিকাশ মালাকার এই মন্তব্যকে ‘অগণতান্ত্রিক’ ও ‘উসকানিমূলক’ বলে তোপ দেগেছেন। তাঁর দাবি, জনসমর্থন হারিয়ে এখন পেশিশক্তির ভয় দেখাচ্ছে বিজেপি। ভোটের আগে জলপাইগুড়ির এই রাজনৈতিক বাগযুদ্ধ এখন গ্রামবাংলার চায়ের আড্ডাতেও আলোচনার কেন্দ্রবিন্দু।