মেড বাই গুগল ইভেন্টে আজ রাতে আত্মপ্রকাশ করছে Pixel 11 সিরিজ! স্মার্টফোনে থাকছে কোন কোন চমক?

গুগল (Google) প্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আজ রাতে গ্লোবাল বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে গুগলের নতুন স্মার্টফোন সিরিজ। ভারতীয় সময় অনুযায়ী আজ রাত অর্থাৎ ১৩ আগস্ট ভোর সাড়ে ৩টের সময় ইউটিউবে ‘Made by Google’ ইভেন্টের লাইভ স্ট্রিমিং দেখা যাবে। নিউ ইয়র্কে আয়োজিত এই মেগা ফ্লাগশিপ ইভেন্টে নতুন পিক্সেল ফোন ছাড়াও একাধিক নতুন ডিভাইস লঞ্চের জোরালো সম্ভাবনা রয়েছে।
কোন কোন মডেল লঞ্চ হতে পারে?
গুগল আনুষ্ঠানিকভাবে ‘Pixel 11’ সিরিজ লঞ্চের কথা নিশ্চিত করলেও এই সিরিজে ঠিক কী কী মডেল থাকছে, তা নিয়ে স্পষ্ট কিছু জানায়নি। তবে প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এবারের সিরিজে মোট চারটি মডেল থাকতে পারে:
Pixel 11
Pixel 11 Pro
Pixel 11 Pro XL
Pixel 11 Pro Fold
বিশেষজ্ঞদের একাংশের ধারণা, অন্যান্য সিরিজের তুলনায় পিক্সেল ১১ সিরিজ সম্পূর্ণ আলাদা হতে চলেছে। কারণ এই সিরিজের প্রতিটি মডেলে জেনারেটিভ এআই (AI) ফিচারের আধিক্য থাকতে পারে। পাশাপাশি গুগল তাদের নতুন ‘পার্সোনাল এআই এজেন্ট’ প্রযুক্তির ওপর বিশেষ জোর দিতে পারে। তবে বিশ্বজুড়ে মেমোরি চিপের ঘাটতি এবং সেমিকন্ডাক্টরের দাম বৃদ্ধির কারণে এই সিরিজের স্মার্টফোনগুলির দাম অনেকটাই বেশি হতে পারে বলে আগে থেকেই ইঙ্গিত দিয়েছিল টেক জায়ান্ট গুগল।
Pixel Tag ও Pixel Watch 5 লঞ্চের সম্ভাবনা
স্মার্টফোনের পাশাপাশি গুগলের এই ইভেন্টে আরও দুটি আকর্ষণীয় গ্যাজেট লঞ্চ হতে পারে। একটি হলো গুগলের স্মার্টওয়াচ লাইনআপের নতুন সংস্করণ Pixel Watch 5 এবং অন্যটি অ্যাপলের এয়ারট্যাগ (Apple AirTag)-কে সরাসরি টক্কর দিতে গুগল আনছে তাদের প্রথম Pixel Tag। ব্লুটুথ কানেক্টিভিটির মাধ্যমে কাজ করা এই ট্যাগটির সাহায্যে ব্যবহারকারীরা তাঁদের বিভিন্ন মূল্যবান জিনিসপত্র সহজেই ট্র্যাক করতে পারবেন। গুগলের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এই ইভেন্ট সরাসরি দেখার জন্য মুখিয়ে রয়েছেন প্রযুক্তিপ্রেমীরা।