বিহার নির্বাচনে প্রার্থী হচ্ছেন না ‘পিকে’! জন সুরজের প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোরের নাটকীয় সিদ্ধান্তের নেপথ্যে কোন বড় পরিকল্পনা?

বিহার বিধানসভা নির্বাচনে তিনি কি প্রতিদ্বন্দ্বিতা করবেন? গত কিছুদিন ধরে এই প্রশ্নকে কেন্দ্র করে চলতে থাকা তীব্র জল্পনার অবশেষে অবসান ঘটালেন জন সুরজ পার্টি (JSP)-র প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর (Prashant Kishor)। পিকে স্পষ্ট জানিয়ে দিলেন, আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে তিনি নিজে প্রার্থী হচ্ছেন না। দলের বৃহত্তর স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তাঁর বক্তব্য।
বিশেষত, রাঘোপুর আসনে আরজেডি-র তেজস্বী যাদবের বিরুদ্ধে প্রশান্ত কিশোরের প্রার্থী হওয়ার জোর সম্ভাবনা নিয়ে জল্পনা বাড়ছিল। কিন্তু, সেই জল্পনা উড়িয়ে এই আসনে জন সুরজ পার্টি অন্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। এরপরই প্রশ্ন ওঠে, তাহলে কি JSP-র প্রতিষ্ঠাতা অন্য কোনো আসনে লড়বেন?
সেই জল্পনায় ইতি টেনে সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলেন, “দলের আরও বৃহৎ স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি যদি প্রার্থী হতাম, তাহলে প্রয়োজনীয় সাংগঠনিক কাজ থেকে আমার নজর সরে যেত।” তিনি আরও জানান, দলের সকলের সঙ্গে আলোচনা করেই রাঘোপুর আসনে তেজস্বী যাদবের বিরুদ্ধে স্থানীয় ব্যবসায়ী চঞ্চল সিংয়ের নাম ঘোষণা করা হয়েছে।
বিহারের নির্বাচনের ফলাফল নিয়ে অত্যন্ত আশাবাদী পিকে। তিনি ভবিষ্যদ্বাণী করে বলেন, “যদি বিহারের নির্বাচনে জন সুরজ পার্টি জেতে, তাহলে দেশব্যাপী তার প্রভাব পড়বে। জাতীয় রাজনীতির ভরকেন্দ্র অন্য খাতে বইবে।” নিজের দলের ফল নিয়ে আত্মবিশ্বাসী প্রশান্ত কিশোরের বিস্ফোরক মন্তব্য, “হয় আমরা ১০-এর কম আসন পাব। নাহলে ১৫০-এর বেশি আসনে জিতব। এর মাঝামাঝি কিছু হওয়ার সম্ভাবনা নেই।”
উল্লেখ্য, দুই দফায় বিহারের ২৪৩টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম দফার ভোটগ্রহণ ৬ নভেম্বর এবং দ্বিতীয় দফার ভোটগ্রহণ ১১ নভেম্বর। ফলপ্রকাশ হবে ১৪ নভেম্বর। এই নির্বাচনে প্রশান্ত কিশোরের ‘জন সুরজ পার্টি’ শেষ পর্যন্ত কতটা ছাপ ফেলতে পারে, এখন সেটাই দেখার বিষয়।