রোগিনীর ঠোঁটে চুমু নার্সিংহোমের কর্মীর, শ্লীলতাহানির অভিযোগে বাধলো তুলকালাম কান্ড

শহরের একটি নার্সিংহোমে ভর্তি থাকা এক রোগীর শ্লীলতাহানির অভিযোগে এক কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, পিত্তথলির অপারেশনের জন্য ভর্তি ওই মহিলাকে কেবিনে একা পেয়ে তার ঠোঁটে চুমু খায় অভিযুক্ত। এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের প্রশ্ন উঠেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি গত শনিবার ঘটেছে। একবালপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন ওই মহিলা। ঘটনার সময় তিনি কেবিনে একাই ছিলেন। এই সুযোগে হাসপাতালের গ্রুপ ডি কর্মচারী আব্দুল শুভান তার শ্লীলতাহানি করে। মহিলা তৎক্ষণাৎ তার স্বামীকে ঘটনাটি জানান। এরপরই একবালপুর থানায় অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযোগের সত্যতা মেলে। ফুটেজে দেখা যায়, অভিযুক্ত ওই কর্মচারীকে রোগীর কেবিনে ঢুকতে এবং কিছু সময় পর বেরিয়ে আসতে। এর ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার ৭৫(২) ধারায় আব্দুল শুভানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ঘটনার দিনই হাসপাতাল চত্বর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। আদালত তাকে ৭ আগস্ট পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।
এই ঘটনায় আবারও হাসপাতালের মতো সংবেদনশীল জায়গায় মহিলাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে। বছরখানেক আগে আরজি কর মেডিক্যাল কলেজে এক তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় দেশজুড়ে তোলপাড় হয়েছিল। সেই ঘটনার পর নতুন করে এই শ্লীলতাহানির অভিযোগ সামনে আসায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থায় যে বড়সড় ফাঁক রয়েছে, তা স্পষ্ট হয়ে উঠেছে।