“শাহের দালালি করছে কমিশন”-সাসপেন্ড-নির্দেশ মানবেন না মুখ্যমন্ত্রী মমতা

বীরভূমের পর এবার ঝাড়গ্রামে ভাষা মিছিল করে আবারও বিজেপিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অসম থেকে বাংলাভাষী মানুষের উপর হেনস্থার প্রতিবাদে বুধবার তিনি ঝাড়গ্রামের রাস্তায় পদযাত্রা করেন। পদযাত্রা শেষে মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী সরাসরি বিজেপি এবং নির্বাচন কমিশনকে তোপ দাগেন।

তিনি বলেন, “অসম থেকে বাংলায় কেন পাঠানো হচ্ছে এনআরসি নোটিশ? বাংলা বললেই আটকানো হচ্ছে। রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, নজরুলের ভাষাকে অপমান করা হচ্ছে। বাংলা ভাষার উপর এই অত্যাচার আমরা সহ্য করব না।” মুখ্যমন্ত্রী অসম সরকারের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানান।

এছাড়াও, মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনের বিরুদ্ধেও আক্রমণাত্মক হন। সম্প্রতি ভোটার তালিকায় নাম নথিভুক্তকরণের অনিয়মের অভিযোগে রাজ্যের চার আধিকারিককে বরখাস্ত করে কমিশন। এর প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “নির্বাচন কমিশন বিজেপির ক্রীতদাস হিসেবে কাজ করছে। কারও নাম কাটা যাবে না।” তিনি আরও বলেন, “কোনও অফিসারকেই শাস্তি পেতে দেব না।”

দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভোটার তালিকা তৈরির কাজে যুক্ত দুই ইআরও এবং দুই এইআরও-কে বরখাস্ত করার পাশাপাশি তাঁদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছে কমিশন। মুখ্যমন্ত্রী এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করে বলেন, এর পেছনে বাংলায় এনআরসি চালু করার ষড়যন্ত্র চলছে। তিনি স্পষ্ট জানিয়ে দেন, বাংলায় কারও নাম বাদ দেওয়া যাবে না।

উল্লেখ্য, বারুইপুর পূর্ব ও ময়না বিধানসভা কেন্দ্রের যে চার আধিকারিককে বরখাস্ত করা হয়েছে, তাঁরা হলেন দেবোত্তম দত্ত চৌধুরী, তথাগত মণ্ডল, বিপ্লব সরকার এবং সুদীপ্ত দাস। তাঁদের বিরুদ্ধে ‘অপরাধমূলক কার্যকলাপের’ অভিযোগে এফআইআর করার নির্দেশ দিয়েছে কমিশন। মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্তের বিরুদ্ধে রাজ্যের পাশে দাঁড়ানোর বার্তা দেন।