“আমাদের নম্রতাকে দুর্বলতা ভাবলে, তা ভুল হবে”, পাকিস্তানকে কড়া বার্তা অভিষেকের

ভারত সরকারের প্রতিনিধি দলের সঙ্গে দক্ষিণ কোরিয়া সফরে গিয়ে দেশের ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্য প্রসঙ্গে পাকিস্তানকে কড়া বার্তা দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জোর দিয়ে বলেছেন, “আমাদের নম্রতাকে দুর্বলতা ভাবলে, তা ভুল হবে।” কেন্দ্রের উদ্যোগে বিশ্বজুড়ে ‘অপারেশন সিঁদুরের’ প্রয়োজনীয়তা ও গুরুত্ব বোঝাতে বিভিন্ন দেশে ভারতীয় প্রতিনিধি দল পাঠানো হচ্ছে, যার অংশ হিসেবে জাপান হয়ে এই দেশে পৌঁছেছে অভিষেকের নেতৃত্বাধীন প্রতিনিধি দল।
সোমবার দক্ষিণ কোরিয়ার সিওলে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগ তোলেন। তৃণমূল সাংসদের কথায়, “ভারতের প্রত্যাঘাতে নিহত জঙ্গিদের শেষকৃত্যে যাদের দেখা গেল, তারা কেউ সামান্য পাক জওয়ান নয়। সেনা প্রধান ও সেনার নানা বিভাগের কর্তা। পাকিস্তান যে সন্ত্রাসে সরাসরি মদত জোগায়, এই ঘটনার পর তা কার্যত স্পষ্ট।”
অভিষেক তার বক্তব্যে আরও বলেন, “পহেলগাঁও হামলার ২৪ ঘণ্টা পর TRF (The Resistance Front) হামলার দায় স্বীকার করে। এই TRF কারা? এরা হলো লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন। আর সেই লস্কর-জইশদের যখন ভারত মারল, তখন ওদেরই শেষকৃত্যে গিয়ে হাজির হলো পাক সেনাকর্তা ও প্রধানরা।”
উল্লেখ্য, ‘অপারেশন সিঁদুর’-এর পর ভারতীয় সেনা থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত বারবার দাবি করেছেন যে, ভারত সংযমী ও নম্রতায় বিশ্বাসী। হাজার প্রমাণ থাকা সত্ত্বেও পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামেনি। বরং তাদের দেশের মধ্যে থাকা জঙ্গিঘাঁটিগুলি ধ্বংস করেছে। সোমবারও দক্ষিণ কোরিয়ায় দেওয়া ভাষণে অভিষেকের মুখে শোনা গেল সেই একই কথা। তিনি বলেন, “আমাদের প্রত্যেককেই সংগঠিত ভাবে লড়াই করতে হবে। বিশ্ব থেকে সন্ত্রাসকে দূর করতে হবে। আমরা কোনো রকমের যুদ্ধ চাই না। অশান্তি চাই না। কিন্তু আমাদের নম্রতাকেও দুর্বলতা ভেবে ভুল করবেন না।”