মোটরবাইকে চড়ে কাজে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা! ইটভাটার কর্মী ও নাবালক নিহত

মুর্শিদাবাদের ডোমকল থানার সুলতানপুর এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় দু’জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ইট ভাটায় এবং কাপড়ের দোকানে কাজ করতে যাওয়ার পথে একটি দ্রুতগতির গাড়ির ধাক্কায় তাঁরা প্রাণ হারান। নিহতরা হলেন হাজিকুল বিশ্বাস (১৪) এবং মুরসালিম শেখ (২৭)।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত হাজিকুল বিশ্বাস ডোমকলের জুগিনদা কামারপাড়া এলাকার বাসিন্দা এবং মুরসালিম শেখের বাড়ি জুগিনদা মিয়াখারপাড়া এলাকায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে মুরসালিম শেখ একটি মোটরবাইকে করে ইটভাটায় কাজে যাচ্ছিলেন। তাঁর সঙ্গে ছিলেন নাবালক হাজিকুল বিশ্বাস, যে কাপড়ের দোকানে কাজ করতে যাচ্ছিল। দুর্ভাগ্যবশত, তাঁদের কারোর মাথায় হেলমেট ছিল না। পথেই সুলতানপুর এলাকায় পিছন দিক থেকে একটি দ্রুতগতির ৪০৭ বোলেরো গাড়ি তাঁদের মোটরবাইকে সজোরে ধাক্কা মারে। ধাক্কা লেগে দু’জনই ছিটকে রাস্তায় পড়ে যান এবং গাড়ির চাকার নিচে পিষ্ট হন।
স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ডোমকল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক গাড়ি এবং চালককে আটক করেছে।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবার-পরিজনদের কান্নায় ভেঙে পড়েছে গোটা এলাকা। পুলিশ মৃতদেহ দু’টি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে। এই দুর্ঘটনা আবারও পথ নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল।