কেন্দ্রর জাতিভিত্তিক গণনার সিদ্ধান্ত ‘ইতিবাচক’, তবে রূপায়ণ নিয়ে প্রশ্ন তুললেন খাড়গে

কেন্দ্রীয় সরকার জনগণনার সঙ্গে জাতিভিত্তিক গণনার সিদ্ধান্তকে ‘ইতিবাচক পদক্ষেপ’ হিসেবে স্বাগত জানিয়েছেন কংগ্রেস সভাপতি এবং রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। তবে এই পদক্ষেপের সফল রূপায়ণ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি, জোর দিয়েছেন পর্যাপ্ত অর্থ বরাদ্দ এবং নির্দিষ্ট সময়সীমার উপর।
বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের ঘোষণার পর প্রতিক্রিয়া জানিয়ে খাড়গে বলেন, “এটি একটি ইতিবাচক পদক্ষেপ, তবে যথাযথ অর্থ বরাদ্দ ও নির্দিষ্ট সময়সীমা ছাড়া এটি সফল হবে না।”
তিনি মনে করিয়ে দেন যে, জাতিগত জনগণনার দাবি কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছে এবং এর জন্য আন্দোলনও করেছে। এই দাবি এবার বাস্তবায়িত হতে চলায় তাঁরা সন্তুষ্ট। খাড়গে জানান, দুই বছর আগেই তিনি সরকারকে চিঠি লিখে সাধারণ জনগণনার সঙ্গে জাতি ভিত্তিক গণনা করার অনুরোধ করেছিলেন, যা সে সময় মানা হয়নি। এখন সরকার সেই সিদ্ধান্ত নেওয়ায় কংগ্রেস তাকে সম্পূর্ণ সমর্থন করবে।
তবে খাড়গে অভিযোগ করেন, আদর্শগতভাবে বিজেপি এবং আরএসএস সংরক্ষণের বিরোধী। তাঁর মতে, “যাঁরা জন্মসূত্রে সংরক্ষণের বিরোধী, তারা আজ কংগ্রেসের জাতিগণনা বিরোধিতার মিথ্যা অভিযোগ করছে।”
সমীক্ষা পরিচালনা নিয়ে বাস্তবসম্মত প্রশ্ন তুলে তিনি বলেন, “সরকার যদি অর্থ না দেয়, তাহলে এই সমীক্ষা কীভাবে হবে?” সমীক্ষায় কোনো রকম বিলম্ব না করে নির্ধারিত সময়সীমার মধ্যে তা সম্পন্ন করার উপর গুরুত্বারোপ করেন তিনি।
আসন্ন বিহার নির্বাচনের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, এই বিষয়ে সরাসরি মন্তব্য করা থেকে বিরত থাকেন খাড়গে। তিনি কেবল বলেন, “আমি রাজনীতি নিয়ে মন্তব্য করতে চাই না। দেশের মানুষের স্বার্থে যা ভালো, তা আমরা সমর্থন করি।”
সবশেষে তিনি কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন যে, এটি যেন কেবল ‘লোকদেখানো’ না হয়। জাতিগণনার মাধ্যমে শিক্ষা ও আর্থিক দিক সহ পূর্ণাঙ্গ ও সন্তোষজনক তথ্য উঠে আসবে, তা নিশ্চিত করার দাবি জানান তিনি।