Recipe: রেস্তোরাঁর হিট কচুপাতা চিংড়ি রান্না করুন বাড়িতেই, শিখেনিন রান্নার সেরা পদ্ধতি

ভোজনরসিক বাঙালির কাছে চিংড়ি মাছের কদর চিরকালই আলাদা। চিংড়ি মালাইকারি বা সর্ষে চিংড়ির মতো চিরাচরিত পদগুলি তো আছেই, ইদানীং বাঙালি রেস্তোরাঁগুলির মেনুতে অন্যতম হিট পদ হলো কচুপাতা চিংড়ি। এর অনন্য স্বাদ ছোট থেকে বড়, প্রায় সকলেরই পছন্দের তালিকায় ঢুকিয়ে দিয়েছে এই পদটিকে। পাতে পড়লেই মুখে চলে আসে এক গাল হাসি। আপনার পছন্দের এই রেস্তোরাঁ-স্টাইল কচুপাতা চিংড়ি পদটি চাইলে খুব সামান্য কিছু উপকরণ দিয়ে বাড়িতেই সহজে বানিয়ে ফেলতে পারেন। আপনার হেঁশেলে এই পদটি তৈরির জন্য নিচে রইল বিস্তারিত প্রণালী।

উপকরণ:

কচুপাতা: ১০টি
কুচো চিংড়ি: ৫০০ গ্রাম
সর্ষের তেল: ২০০ গ্রাম
সর্ষে: ৩০ গ্রাম (বাটা)
কাজুবাদাম: ১০ গ্রাম (বাটা)
পোস্ত: ২০ গ্রাম (বাটা)
নারকেল কোরা: এক কাপ
কাঁচালঙ্কা: ৫টি (বাটা)
নুন ও চিনি: স্বাদমতো
হলুদ গুঁড়ো: দু’চা চামচ
পাতিলেবু: ১টি

প্রণালী:
১. প্রথমে কচুপাতাগুলি ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিন।
২. একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণে গরম জল নিয়ে তাতে সামান্য নুন ও লেবুর রস মিশিয়ে এই কচুপাতা কুচিগুলি হালকা করে ভাপিয়ে নিন। এতে পাতার গলা ধরার সম্ভাবনা কমে যায়।
৩. ভাপানো হয়ে গেলে কচুপাতাগুলি ছেঁকে জল ঝরিয়ে আলাদা করে রাখুন।
৪. এবার কড়াইতে সর্ষের তেল গরম করে নিন।
৫. চিংড়ি মাছে স্বাদমতো নুন ও হলুদ গুঁড়ো মাখিয়ে হালকা সোনালি করে ভেজে তুলে রাখুন।
৬. ওই তেলেই কাঁচালঙ্কা বাটা, কাজুবাদাম বাটা, পোস্ত বাটা এবং সর্ষে বাটা দিয়ে মশলা কষাতে শুরু করুন।
৭. মশলা কষানো হলে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে ভালো করে মিশিয়ে নাড়তে থাকুন। চিংড়ি সেদ্ধ হয়ে গেলে স্বাদমতো আরও নুন ও চিনি দিয়ে ভালো করে মিশিয়ে দিন।
৮. এবার নারকেল কোরা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করুন।
৯. রান্নাটি প্রায় হয়ে এলে নামানোর মিনিট দুয়েক আগে ভাপিয়ে রাখা কচুপাতা কুচিগুলি দিয়ে দিন এবং মশলা ও চিংড়ির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন।
১০. গ্যাসের আঁচ বন্ধ করে উপর থেকে কাঁচা একচামচ সর্ষের তেল ছড়িয়ে দিন।
১১. পাত্রটি একটি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রাখুন, যাতে সর্ষের তেলের ফ্লেভারটি রান্নার সাথে ভালোভাবে মিশে যায়।

ব্যাস, তৈরি আপনার সুস্বাদু কচুপাতা চিংড়ি। গরম ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন এই অভিনব পদটি আর উপভোগ করুন এর দুর্দান্ত স্বাদ!