“দোকানের বাইরে আয়, আমরা বিজেপি করি!” মিষ্টির দোকানে যুব নেতার তণ্ডব, থানায় অভিযোগ।

মিষ্টি পছন্দ না হওয়াকে কেন্দ্র করে খাস কলকাতার একটি নামী মিষ্টির দোকানে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। বালিগঞ্জের একটি সুপরিচিত মিষ্টির দোকানে দুই বিজেপি নেতা ও তাঁদের অনুগামীদের বিরুদ্ধে ভাঙচুর ও মারধরের গুরুতর অভিযোগ উঠেছে। এই ঘটনায় দোকানের এক কর্মীর আঙুল ভেঙে যাওয়ার পাশাপাশি ম্যানেজারও নিগৃহীত হয়েছেন বলে জানা গেছে। পুরো ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
কী ঘটেছিল সেদিন? দোকানের আহত কর্মীর বিবরণ অনুযায়ী, সেদিন দোকানে দুই ব্যক্তি এসে একটি কাজু বরফি এবং একটি গোলাপজাম চান। সেই অনুযায়ী তাঁদের অর্ডার দেওয়া হয়। কিন্তু মিষ্টি খাওয়ার পর তাঁরা প্রশ্ন তোলেন যে গোলাপজামটি কবে তৈরি করা হয়েছে। কর্মীরা জানান যে মিষ্টি সম্পূর্ণ টাটকা এবং ওইদিনই তৈরি। এরপরই বচসা শুরু হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করা হতে থাকে।
কর্মীদের পক্ষ থেকে বারবার ক্ষমা চেয়ে এবং কমপ্লিমেন্টারি হিসেবে অন্য মিষ্টি দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও পরিস্থিতি শান্ত হয়নি। উল্টে পরিজনদের নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয় বলে অভিযোগ। এর প্রতিবাদ করতেই কর্মীকে চড় মারা হয় এবং ম্যানেজার বাধা দিতে গেলে তাঁকেও মারধর করা হয়। অভিযুক্তদের পক্ষ থেকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে।
অভিযোগ ও তদন্ত এই ঘটনার পর অভিযুক্ত বিজেপি নেতার বিরুদ্ধে কড়েয়া থানায় সুনির্দিষ্ট ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে তদন্ত এগিয়ে নিয়ে চলেছে। খাস কলকাতার বুকে এই ধরনের ঘটনায় স্থানীয় ব্যবসায়ী মহলে তীব্র অসন্তোষ ও চাঞ্চল্য ছড়িয়েছে।