বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে শ্যুটআউট, গুলিবিদ্ধ তৃণমূল কর্মী নিহত, চাঞ্চল্য ঘটনায়

সাতসকালে উত্তর ২৪ পরগনার বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে গুলিবিদ্ধ হয়ে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম এনায়েতুল্লাহ ওরফে রেহান (৩৮)। তিনি প্রোমোটিং ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গিয়েছে। বুধবার সকালে রাজীবনগর এলাকায় স্থানীয় বাসিন্দারা তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তারা দেহ উদ্ধার করে সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রেহানকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের মাথায় গুলির ক্ষত দেখা গেছে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনাস্থল থেকে একটি মদের বোতলও উদ্ধার হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিহত রেহান তৃণমূল কংগ্রেসের স্থানীয় কাউন্সিলর দেবযানি মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, তা এখনও স্পষ্ট নয় এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ১২টা পর্যন্ত রেহানকে রাস্তায় দেখা গিয়েছিল। তিনি বাড়ির পাশেই গভীর রাত পর্যন্ত মদ্যপান করছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সম্ভবত পেছন থেকে তাঁকে গুলি করা হয়েছে।

স্থানীয়দের দাবি, প্রোমোটারি ব্যবসার সংক্রান্ত কোনও বিবাদের জেরেই এই খুন হতে পারে। তবে পুলিশ অন্যান্য সম্ভাবনাও খতিয়ে দেখছে। মঙ্গলবার রাতের মদের আসরে রেহানের সঙ্গে আর কারা ছিলেন, তা জানার চেষ্টা করছে পুলিশ।

ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ এলাকা ঘিরে রেখেছে এবং দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। মৃতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা ঘটনার বিস্তারিত তদন্ত করছেন।