সামশেরগঞ্জে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় প্রাণ হারালেন একই পরিবারের চার সদস্য!

মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের চার সদস্য। মৃতদের মধ্যে রয়েছে একটি শিশুও। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানা এলাকায়। এই দুর্ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত আটটা নাগাদ ১২ নম্বর জাতীয় সড়কের উপর এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। মৃতরা হলেন এজাজ শেখ, তৌহিদ শেখ ও জাহুল শেখ। গুরুতর আহত দুই বছরের আসিফ শেখকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। নিহতদের সকলের বাড়ি ফরাক্কা থানা এলাকার মহাদেবনগরে।
মৃতদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, চারজন একটি বাইকে করে ১২ নম্বর জাতীয় সড়ক ধরে যাচ্ছিলেন। সেই সময় পিছন দিক থেকে একটি দ্রুতগামী ডাম্পার তাদের ধাক্কা মারে। ডাম্পারের ধাক্কায় বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান সকলে। অভিযোগ, এরপর ডাম্পারের চাকা তাদের উপর দিয়ে চলে যায়।
এই মর্মান্তিক ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এমনকি মৃতদেহ উদ্ধার করতে বাধা দেন পুলিশকে। পরে অতিরিক্ত পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গিয়েছে, বাইকটি ডাকবাংলা থেকে ফরাক্কার দিকে যাচ্ছিল। সেই সময় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ডাম্পারটিকে আটক করেছে। তবে, ডাম্পারের চালক ও খালাসি পলাতক। পুলিশ তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।