“অমৃত-ভারতের পথে চলতে থাকলে শুধু ভারতেরই নয়, গোটা বিশ্বের মঙ্গল হবে”- বিল গেটস

সম্প্রতি ভারতে পা রেখেছিলেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। গত তিন বছরে এ নিয়ে টানা তৃতীয়বার তিনি এদেশে এলেন। এবার এসেই তিনি ঘুরে দেখলেন সংসদ ভবনের চত্বর। মন্ত্রী ও সাংসদদের সঙ্গে সাক্ষাৎ করলেন। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও বৈঠকে বসলেন।
বিল গেটস মার্কিন শিল্পজগতে সবসময় ভারতের প্রতি ঝোঁক রাখেন বলে পরিচিত। বছরের পর বছর ধরে তিনি এই দেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন। এবার নতুন বছরে ভারত সফরে এসে আবারও ভারতের প্রশংসায় মুখর হলেন তিনি। তিনি বলেন, “যতবার ভারতে আসি, ততবারই দেখি স্বাস্থ্য, কৃষি আর প্রযুক্তির ক্ষেত্রে সরকার কিছু বড় উন্নতি করে ফেলেছে।”
বৃহস্পতিবার একটি জাতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে গেটস বলেন, “ভারত যদি এভাবে ২০৪৭ সালের ‘অমৃত-ভারত’ পরিকল্পনার দিকে এগিয়ে যায়, তবে তা শুধু ভারতের জন্যই নয়, গোটা বিশ্বের জন্যই কল্যাণকর হবে।” তিনি আরও যোগ করেন, “এখন এখানে থাকার জন্য সেরা সময়। এমন একটা পরিস্থিতি চলছে, যেখানে সুযোগ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি।”
এরপর কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নিয়ে কথা বলতে গিয়ে গেটস জানান, “অনেকে ভয় পাচ্ছেন যে AI-এর উন্নতি হলে অনেকের চাকরি যাবে। কিন্তু আমি বলব, AI-এর হাত ধরে এমন এক সমাজ গড়ে উঠবে, যেখানে শিক্ষা ও স্বাস্থ্যের মতো সেবা খুব সহজে পাওয়া যাবে। তখন আজকের মতো সবাইকে এত পরিশ্রম করতে হবে না।”
তবে AI নিয়ে প্রশংসার পাশাপাশি গেটসের মুখে কিছুটা উদ্বেগও শোনা গেছে। তিনি বলেন, “যদি আমার হাতে পুরো নিয়ন্ত্রণ থাকত, তবে আমি এর গতি একটু কমিয়ে আনতাম।”