‘বাপ তুললেন কেন?’, রাস্তা উদ্বোধনে বিক্ষোভের মুখে দিলীপ ঘোষ, মহিলাদের সঙ্গে তুমুল বচসা

পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে একটি রাস্তার উদ্বোধন করতে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। শুক্রবার সকালে শহরের ৬ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। জানা গেছে, ওই রাস্তা নির্মাণের জন্য দিলীপ ঘোষ তাঁর সাংসদ তহবিল থেকে টাকা বরাদ্দ করেছিলেন। তবে বর্তমানে তিনি আর সাংসদ নন। উদ্বোধনের সময় স্থানীয় এক মহিলা তাঁকে প্রশ্ন করায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং শুরু হয় তুমুল বাক্যবিনিময়।
ঘটনার সূত্রপাত হয় যখন এক মহিলা দিলীপ ঘোষের কাছে জানতে চান, “এতদিন কোথায় ছিলেন আপনি?” এই প্রশ্নে ক্ষিপ্ত হয়ে দিলীপ উত্তর দেন, “আমি টাকা দিয়েছি, কারও বাপের টাকা নয়।” এরপরই বচসা চরমে ওঠে। তারপর শুরু হয় বাপ-বাপান্ত করে বচসা। মহিলারা তাঁর মন্তব্যের প্রতিবাদ করলে দিলীপ আরও উত্তেজিত হয়ে বলেন, “বেশি চিৎকার করলে গলা টিপে দেব।” এই মন্তব্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। স্থানীয় মহিলারা দিলীপের গাড়ির সামনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
দিলীপ ঘোষের দাবি, তিনি যখন সাংসদ ছিলেন, তখন তাঁর তহবিল থেকে এই রাস্তার জন্য অর্থ বরাদ্দ করা হয়েছিল। তিনি বলেন, “আমি টাকা দিয়েছি, আমি উদ্বোধন করব। এতদিন রাস্তা না হওয়ার প্রশ্ন কেন কাউন্সিলরের কাছে তুলছে না?” তিনি আরও অভিযোগ করেন, এই বিক্ষোভের পিছনে তৃণমূল কংগ্রেসের হাত রয়েছে। তাঁর মতে, “এরা সব তৃণমূলের লোক, যারা অযথা গোলমাল পাকানোর চেষ্টা করছে।”
অন্যদিকে, বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, দিলীপ ঘোষ সাংসদ পদ হারানোর পর এলাকায় খুব একটা দেখা দেননি। এক মহিলা বলেন, “আমরা ভদ্রভাবে প্রশ্ন করেছিলাম, কিন্তু উনি বাপ তুলে কথা বললেন। এটা কি আচরণ?” স্থানীয়দের আরও দাবি, রাস্তার সমস্যা থাকা সত্ত্বেও তিনি এতদিন কোনও উদ্যোগ নেননি, আর এখন হঠাৎ উদ্বোধন করতে এসেছেন।
ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়লে নিরাপত্তারক্ষীরা দিলীপ ঘোষকে নিরাপদে সেখান থেকে বের করে নিয়ে যান। তবে এই ঘটনা খড়্গপুরের স্থানীয় রাজনীতিতে নতুন করে উত্তাপ সৃষ্টি করেছে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এই ঘটনার নিন্দা করে বলেছে, “দিলীপ ঘোষের এই আচরণ তাঁর হতাশা ও অহংকারের প্রতিফলন।”
এই ঘটনার পর দিলীপ ঘোষ রাস্তার উদ্বোধন না করেই ফিরে যান। স্থানীয় রাজনৈতিক মহলে এ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।