দেখামাত্রই হামলা! অন্ধকার নামলেই আতঙ্কিত শহরবাসী, শেষ পর্যন্ত অ্যাকশন নিল পুরসভা

দেখামাত্রই হামলা! ভোঁ ভোঁ শব্দে আতঙ্কিত শহরবাসী। একটানা মৌমাছির আক্রমণে ইতিমধ্যেই ১৭-১৮ জনকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ভয় এতটাই ছড়িয়ে পড়েছিল যে এলাকার মানুষ রাস্তায় বের হতেও ভয় পাচ্ছিলেন।
গত কয়েকদিন ধরে বালুরঘাট শহরের সত্যজিৎ মঞ্চ সংলগ্ন এলাকায় এমনই এক বিভীষিকার চিত্র দেখা গিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অভিযুক্ত মৌমাছির দল একটি বিশাল মৌচাক থেকে বারবার আক্রমণ চালাচ্ছিল। বিশেষত সোমবারের হামলা ছিল ভয়ংকর— একসঙ্গে ১৩ জনকে হুল ফুটিয়ে আহত করেছে তারা, যার মধ্যে ছিলেন বেশ কয়েকজন মহিলা।
অবস্থা এমনই হয়েছিল যে মানুষ রাস্তায় বের হতেও ভয় পাচ্ছিলেন। কেউ কেউ মৌমাছির হামলা থেকে বাঁচতে গিয়ে পড়ে গিয়ে চোট পান, আবার কেউ বাইক ছেড়ে দৌড়ে পালান। এমনকি, একটি টোটোতেও হামলা চালায় মৌমাছির দল, যাত্রীদের প্রাণভয়ে গাড়ি থেকে ঝাঁপ দিতে হয়!
এর আগেও বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে এমন হামলায় আহত হয়েছিলেন তিনজন রোগীর আত্মীয়। বারবার এই ধরনের ঘটনার ফলে আতঙ্কিত হয়ে পড়েছিলেন শহরবাসী।
মঙ্গলবার ফের মৌমাছির হানায় আরও ৪-৫ জন আহত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুরসভা রাস্তা বন্ধ করে দেয়। রাতে আলো নিভিয়ে ‘অপারেশন’ চালিয়ে মৌচাক কেটে ফেলা হয়। অভিযানে ছিলেন পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র। অবশেষে বিপদ কিছুটা কাটলেও, এখনো অনেকেই সাবধানতার সঙ্গে চলাফেরা করছেন।
এলাকার বাসিন্দারা এখন স্বস্তির নিঃশ্বাস ফেললেও, এই ভয়ঙ্কর অভিজ্ঞতা সহজে ভুলতে পারবেন না!