“ডাক্তারদের বেতন বাড়ল ১৫ হাজার”-বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার

রাজ্যের সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য বড় সুখবর! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন বেতন বৃদ্ধি। সোমবার ধনধান্য প্রেক্ষাগৃহে আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় তিনি এই সিদ্ধান্তের কথা জানান। সভায় উপস্থিত ছিলেন রাজ্যের সিনিয়র-জুনিয়র চিকিৎসক এবং চিকিৎসক পড়ুয়ারা।

মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজ্যের সমস্ত স্তরের সিনিয়র রেসিডেন্টদের বেতন ১৫ হাজার টাকা বাড়ানো হবে। ফলে ডিপ্লোমাধারী সিনিয়র রেসিডেন্টদের বেতন ৬৫ হাজার থেকে বেড়ে ৮০ হাজার হবে। পোস্ট গ্র্যাজুয়েট সিনিয়র রেসিডেন্টদের বেতন ৭০ হাজার থেকে বেড়ে ৮৫ হাজার হবে। পোস্ট ডক্টরেট সিনিয়র রেসিডেন্টদের বেতন ৭৫ হাজার থেকে বেড়ে ১ লাখ টাকা হবে।’

এছাড়া, ইন্টার্ন, হাউসস্টাফ, পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি এবং পোস্ট ডক্টরেট ট্রেনিদের মাসিক ভাতা ১০ হাজার টাকা বৃদ্ধি করারও ঘোষণা করেন তিনি।

এই সিদ্ধান্ত চিকিৎসক মহলে স্বস্তি নিয়ে এসেছে। দীর্ঘদিন ধরে তারা বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন, যা এবার পূরণ হতে চলেছে। মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।