সরকারি বাসের ধাক্কা, পুরসভায় যাওয়ার সময় সড়ক দুর্ঘটনার শিকার ডেপুটি মেয়র

সোমবার কলকাতা পুরসভার বাজেট অধিবেশনে যোগ দিতে বাড়ি থেকে রওনা দিয়েছিলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ। কিন্তু তার আগেই তালতলার সুরেন্দ্রনাথ ব্যানার্জি রোডে তাঁর ওপর দিয়ে বয়ে গেল বড় বিপত্তি। সরকারি বাসের ধাক্কায় সড়ক দুর্ঘটনার শিকার হলেন শাসক দলের নেতা তথা কলকাতার ডেপুটি মেয়র।

স্থানীয় সূত্রে জানা গেছে, অতীন ঘোষের গাড়িতে সরাসরি ধাক্কা মারে একটি সরকারি বাস। ঘটনার সময় তিনি গাড়ির সামনের সিটে বসেছিলেন। গাড়িটি ঘোরানোর সময়ই বাসটি এসে ধাক্কা মারে, যার জেরে গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান ডেপুটি মেয়র। তিনি জানিয়েছেন, “আমি সুস্থ আছি। আপাতত বাজেট অধিবেশনে যোগ দিচ্ছি।”

এর কয়েক দিন আগেই অনুরূপ দুর্ঘটনার শিকার হয়েছিলেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটি অনুষ্ঠান থেকে ফেরার পথে রাতে ‘হাওয়া খেতে’ বেরিয়েছিলেন তিনি। সেই সময় একটি কালো রঙের চারচাকা গাড়ি তাঁদের পিছু নেয় এবং ধাওয়া শুরু করে। অভিযোগ, ওই গাড়ি থেকে তাঁদের গাড়িতে একাধিকবার ধাক্কা দেওয়ার চেষ্টা করা হয়। শেষে সিকিউরিটির গাড়িতে ধাক্কা মারে।

সূত্রের খবর, ধাওয়া করা গাড়িতে দুজন নাবালক ছিল, সম্ভবত মাধ্যমিক পরীক্ষার্থী। পরীক্ষা শেষে ‘আনন্দে’ ঘুরতে বেরিয়ে এমন কাণ্ড ঘটায় তারা। শোভন জানিয়েছেন, “ওরা আমাদের চেজ করছিল। আমাদের সিকিউরিটিরা প্রথমে বিষয়টা লক্ষ্য করে। এসকর্ট গাড়ি আমাদের কভার করতেই ওই কালো গাড়িটি ওভারটেকের চেষ্টায় এসকর্ট গাড়িতে ধাক্কা মারে।”

শহরের সড়কে নিরাপত্তা নিয়ে প্রশ্ন
পরপর দুটি পৃথক ঘটনায় শহরের সড়ক নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। যেখানে ডেপুটি মেয়র এবং প্রাক্তন মেয়রের মতো বিশিষ্ট ব্যক্তিরাও দুর্ঘটনার শিকার হচ্ছেন, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। সরকারি বাসের ধাক্কায় শাসক দলের নেতার দুর্ঘটনা সরকারের জন্যও অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

শহরবাসীর মনে প্রশ্ন জাগছে—যদি বিশিষ্টরাই সুরক্ষিত না থাকেন, তবে সাধারণ মানুষ কীভাবে নির্ভয়ে চলাফেরা করবে? এই ঘটনাগুলো কলকাতার সড়ক শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা তুলে ধরেছে বলে মনে করছেন অনেকে।