মণিপুরে রাষ্ট্রপতি শাসনের মধ্যেই আবেদন রাজ্যপালের, লুট হওয়া অস্ত্র ফেরাতে উদ্যোগ!

মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারির পর প্রথম ৭ দিন কাটতেই, রাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক গুরুত্বপূর্ণ আবেদন করলেন মণিপুরের রাজ্যপাল অজয় ভল্লা। সম্প্রতি রাজ্যে ঘটে যাওয়া দাঙ্গার সময় ক্ষিপ্ত জনতার হাতে লুট হওয়া অস্ত্র আগামী ৭ দিনের মধ্যে প্রশাসনের কাছে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার, এক আনুষ্ঠানিক বিবৃতিতে রাজ্যপাল অজয় ভল্লা বলেন— “অস্ত্র ফেরানোর এই পদক্ষেপ একটি শক্তিশালী বার্তা দেবে। যদি নির্দিষ্ট সময়সীমার মধ্যে অস্ত্র ফেরত দেওয়া হয়, তবে কোনও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না। আমি এটুকু নিশ্চিত করতে চাই।”

বৃহস্পতিবার রাতেই এই বিবৃতি প্রকাশ্যে আসে। সরকারের মতে, মণিপুরে শান্তি ফেরানোর জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

গত ২১ মাস ধরে মণিপুর ভয়াবহ দাঙ্গার সাক্ষী থেকেছে। ইম্ফল উপত্যকা এবং আশপাশের পার্বত্য অঞ্চলে জাতিগত হিংসার ভয়াবহ রূপ দেখা যায়।

দাঙ্গায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।
দুই মহিলাকে কেন্দ্র করে নগ্ন প্যারেডের ভয়াবহ ভিডিও সামনে আসে, যা নতুন করে উত্তেজনা সৃষ্টি করে।
বিরোধীরা তৎকালীন মুখ্যমন্ত্রী এন. বীরেন সিংয়ের পদত্যাগের দাবি জানায়।
শেষমেশ মুখ্যমন্ত্রীর পদত্যাগের পরই, ১৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি শাসন জারি করা হয় মণিপুরে।

বর্তমান পরিস্থিতিতে জনজীবন স্বাভাবিক করতে রাজ্যপাল সমস্ত সম্প্রদায়কে শত্রুতা ভুলে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

এই আবহে, রাজ্যবাসী রাজ্যপালের আবেদন মানবেন কিনা, এবং লুট হওয়া অস্ত্র ফেরত আসবে কিনা, তা সময়ই বলবে।