“জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত'”-বিধবা ভাতা বন্ধ হয়ে গেলো অসহায় বৃদ্ধার

উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ৯০ বছর বয়সী এক বৃদ্ধাকে সরকারি খাতায় মৃত ঘোষণা করায় তার বিধবা ভাতা বন্ধ হয়ে গেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
ঘটনাটি ঘটেছে ইটাহার থানার ছয়ঘরা অঞ্চলের ঘোষাহার গ্রামে। রঙ্গোবালা পোদ্দার নামের ওই বৃদ্ধা দীর্ঘদিন ধরে বিধবা ভাতা পাচ্ছিলেন। কিন্তু গত ছ’মাস ধরে তিনি কোনো ভাতা পাননি। ভাতা না পাওয়ায় তিনি স্থানীয় ব্যাঙ্কে খোঁজ নিতে গেলে জানতে পারেন যে পোর্টালে তাকে ‘মৃত’ হিসেবে দেখানো হয়েছে, যার কারণে তার ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে। একই কথা জানানো হয় ব্লক ও পঞ্চায়েত দফতর থেকেও।
রঙ্গোবালা পোদ্দার তার ছেলে প্রভাস পোদ্দার ও পুত্রবধূর সঙ্গে একটি টিনের চালের ঘরে বসবাস করেন। প্রভাস জানান, তার মা জীবিত থাকা সত্ত্বেও তাকে মৃত ঘোষণা করার ঘটনায় তারা হতবাক। তিনি আরও বলেন যে একাধিকবার পঞ্চায়েত ও ব্যাঙ্কে জানিয়েও কোনো সুরাহা হয়নি।
এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধান নাসরিন বানু জানান, তার কার্যকালে এ ধরনের ঘটনা ঘটেনি। সম্ভবত আগের পঞ্চায়েত প্রধানের আমলে এটি হয়ে থাকতে পারে। তবে তারা যোগাযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, ইটাহার ব্লকের বিভিন্ন পঞ্চায়েত এলাকায় এমন আরও অনেক ভুক্তভোগী রয়েছেন যারা একই সমস্যার শিকার। স্থানীয় বিডিও জানান, প্রয়োজনীয় নথি সহ ভুক্তভোগীরা তাদের অফিসে আবেদন করলে তারা বিষয়টি খতিয়ে দেখবেন।