OMG! মরুভূমিতে পথ হারিয়ে উবারে ‘উট’ ডেকে পথের দিশা পেলেন ২ তরুণী, ভিডিও ভাইরাল

সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের এক মরুভূমির মধ্য দিয়ে যাত্রা করছিলেন দুই নারী। এ সময় তাদের গাড়ি নষ্ট হয়ে গেলে বিপাকে পড়েন তারা। নিরুপায় হয়ে উবার অ্যাপের শরণাপন্ন হন তারা। সেখানে ‘উবার ক্যামেল’ বা উট অপশন খুঁজে পেয়ে বিস্মিত হয়ে পড়েন। তবে উটের মাধ্যমে ঠিকই উদ্ধার হন তারা। ইন্টারনেটে মজার এই ভিডিওটি ব্যাপক ভাইরাল হয়েছ।
বুধবার এই মজার ঘটনা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের গণমাধ্যম এনডিটিভি।
ইনস্টাগ্রামে পোস্ট করা ঐ ভিডিওটিতে দেখা যায়, সুবিশাল, সুবিস্তৃত মরুভূমিতে পথ হারিয়ে হঠাত করেই উবার অ্যাপ খুলে বসেন তাদের একজন। অপ্রত্যাশিতভাবে ভ্রমণের বিকল্প হিসেবে ‘উট’ দেখতে পান তিনি। এই অস্বাভাবিক পরিবহনটি বুকিং দেওয়ার কিছুক্ষণ পরই সেখানে এক ব্যক্তি উট নিয়ে হাজির হন। নিজেকে ‘উবার ক্যামেল ড্রাইভার’ বলে পরিচয় দেন তিনি।
এক নারী তাৎক্ষণিকভাবে উটের পিঠে চেপে বসেন। এ সময় অপর জন অবাক হয়ে বলেন, ‘পথ হারিয়ে আমরা সত্যি সত্যি উট ডেকে এনেছি।’
এরপর উবার ডাকা সেই নারী চালককে জিজ্ঞাসা করেন, ‘আপনার জীবিকার উৎস কি?’। জবাবে তিনি বলেন, ‘আমি উবার ক্যামেল সেবা দেয়। আমি মরুভূমিতে পথ হারানো মানুষকে সাহায্য করি।’
চালক ব্যাখ্যা দেন, মরুভূমিতে পথ হারিয়ে ফেলা মানুষদের সহযোগিতা দেওয়ায় তার পারদর্শিতা রয়েছে।
দুবাই-হাট্টা সড়কের আল বাদাইয়ের নামের অবস্থানে এই ভিডিওটি ধারণ করা হয়েছে বলে জানা গেছে। অল্প সময়ের মাঝে এই ভিডিও সামাজিক মাধ্যমে সাড়া ফেলে দেয়।
নেটিজেনরা এই ক্লিপ দেখে ও শেয়ার করে মজা পান। অনেকে বিস্ময় প্রকাশ করেন। আবার অনেকে একে ‘নকল’ ভিডিও বা ‘সাজানো’ ঘটনা বলেও অভিহিত করেন।
এক ইউজার লেখেন, ‘শুধু দুবাইতেই আপনি তেমন কোন চিন্তা না করেই উবারে উট ডেকে আনতে পারবেন।’
আরেকজন মজা করে লেখেন, ‘নিরাপত্তার খাতিরে উটের লাইসেন্স প্লেট পরখ করে নিতে ভুলবেন না।