PhonePe-তে কড়া নিয়ম লাগু, বড় বিপদের আগে সতর্ক হন, কাটা যেতে পারে ১০০ টাকা!

ডিজিটাল লেনদেনের জনপ্রিয় মাধ্যম ফোনপে (PhonePe) এবার তাদের ওয়ালেট ব্যবহারের নিয়মে বড় পরিবর্তন আনল। দীর্ঘ সময় ধরে অকেজো বা ইনঅ্যাকটিভ পড়ে থাকা ওয়ালেট থেকে এবার ‘মেইনটেন্যান্স ফি’ কাটার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। যারা নিয়মিত ফোনপে ওয়ালেট ব্যবহার করেন না, তাদের জন্য এই খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কী এই নতুন নিয়ম? ফোনপে জানিয়েছে, কোনো ব্যবহারকারী যদি টানা ৩৬৫ দিন বা এক বছর ধরে তাদের ওয়ালেট থেকে কোনো আর্থিক লেনদেন না করেন, তবে সেই ওয়ালেটটিকে ‘ডরম্যান্ট’ বা নিষ্ক্রিয় হিসেবে গণ্য করা হবে। এই ধরণের নিষ্ক্রিয় ওয়ালেট থেকে প্রতি তিন মাস অন্তর ১০০ টাকা পর্যন্ত ‘মেইনটেন্যান্স ফি’ বা রক্ষণাবেক্ষণ চার্জ কেটে নেওয়া হবে।

ফি কাটা নিয়ে সংস্থার শর্তাবলী:

  • লেনদেনের শর্ত: শুধুমাত্র ফোনপে অ্যাপ খোলা বা ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি ইউপিআই (UPI) পেমেন্ট করলে তা ওয়ালেটের সক্রিয়তা হিসেবে গণ্য হবে না। ফি এড়াতে হলে ব্যবহারকারীকে অবশ্যই ওয়ালেটের মাধ্যমে অন্তত একটি আর্থিক লেনদেন করতে হবে।

  • নোটিশ: ফি কাটার ঠিক ১৫ দিন আগে ব্যবহারকারীকে সংস্থার পক্ষ থেকে একটি নোটিশ পাঠানো হবে।

  • ব্যালেন্সের ক্ষেত্রে নিয়ম: ওয়ালেটে ১০০ টাকা বা তার বেশি ব্যালেন্স থাকলে ১০০ টাকাই কাটা যাবে। যদি ওয়ালেটে ১০০ টাকার কম ব্যালেন্স থাকে, তবে যতটুকু টাকা আছে পুরোটিই কেটে নেওয়া হবে এবং ব্যালেন্স শূন্য হয়ে যাবে। কোনো অবস্থাতেই ওয়ালেট ব্যালেন্স নেগেটিভ হবে না।

সতর্কতা ও পরামর্শ: ফিনটেক ইন্ডাস্ট্রিতে এই ধরনের চার্জ অবশ্য নতুন নয়। এর আগে মোবিকউইক (Mobikwik) বা এয়ারটেল পেমেন্টস ব্যাংকের মতো সংস্থাগুলিও এই ধরনের রক্ষণাবেক্ষণ ফি নিয়ে থাকে। তবে ফোনপের ক্ষেত্রে চার্জের পরিমাণ কিছুটা বেশি হওয়ায় গ্রাহকদের মধ্যে শোরগোল পড়ে গেছে।

বিশেষজ্ঞদের পরামর্শ, আপনি যদি ফোনপে ওয়ালেট ব্যবহার না করেন তবে সেটি বন্ধ করে দিন, অথবা চার্জ এড়াতে মাঝে মাঝে ওয়ালেটের মাধ্যমে ছোটখাটো কোনো লেনদেন করে অ্যাকাউন্টটিকে সক্রিয় রাখুন। অন্যথায় আপনার ওয়ালেটে থাকা টাকা ধীরে ধীরে কেটে নেবে সংস্থা।

ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে এই ধরনের পরিবর্তনের ফলে গ্রাহকদের সচেতন থাকা প্রয়োজন। আপনার ফোনপে ওয়ালেটে কি টাকা পড়ে আছে? আজই চেক করে নিন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *