অনলাইনে কেনার পর বাক্স-প্যাকেট বাইরে ফেলেন? বিপদ এড়াতে হয়েযান সতর্ক

হাতের মুঠোয় স্মার্টফোন আর কয়েকটা ক্লিক— ব্যাস, বিরিয়ানি থেকে দামি ল্যাপটপ, সবটাই হাজির আপনার দরজায়। বর্তমান সময়ে অনলাইন শপিং আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু নতুন পণ্য হাতে পাওয়ার উত্তেজনায় আমরা এমন এক মারাত্মক ভুল করছি, যা আপনার নিরাপত্তা এবং ব্যাঙ্ক ব্যালেন্স— দুই-ই বিপন্ন করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন শপিংয়ের প্যাকেট বা বাক্স যেভাবে আমরা ডাস্টবিনে ফেলছি, তা অপরাধীদের জন্য ‘সোনার খনি’ হয়ে দাঁড়িয়েছে।

আপনার প্যাকেটেই লুকিয়ে আপনার পরিচয়

অনলাইন থেকে আসা প্রতিটি প্যাকেটের গায়ে একটি ডেলিভারি লেবেল থাকে। তাতে আপনার নাম, সঠিক ঠিকানা, মোবাইল নম্বর এবং অনেক সময় কিউআর কোড (QR Code) দেওয়া থাকে। পণ্যটি বের করে নিয়ে আমরা প্যাকেটটি অবলীলায় ডাস্টবিনে ছুড়ে ফেলি। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, অপরাধীরা এই ফেলে দেওয়া প্যাকেট থেকেই আপনার ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে। এর ফলে পরিচয় চুরি (Identity Theft), ভুয়ো ফোনকল কিংবা টার্গেটেড স্ক্যামের শিকার হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়।

চোরের নজরে আপনার ড্রয়িং রুম!

আপনি কি সম্প্রতি দামি কোনও টেলিভিশন বা রেফ্রিজারেটর কিনেছেন? সেই ব্র্যান্ডেড বড় বাক্সটি যদি বাড়ির বাইরে রেখে দেন, তবে আপনি অজান্তেই চোরদের আমন্ত্রণ জানাচ্ছেন। বিদেশের একাধিক গবেষণায় দেখা গিয়েছে, অপরাধীরা ডাস্টবিনে পড়ে থাকা ইলেকট্রনিক পণ্যের বাক্স দেখে লক্ষ্য স্থির করে যে কোন বাড়িতে দামী গ্যাজেট রয়েছে। এটি আপনার বাড়ির নিরাপত্তাকে বড়সড় ঝুঁকির মুখে ঠেলে দিতে পারে।

সাইবার জালিয়াতির নতুন ছক

প্যাকেটের গায়ে থাকা ইনভয়েস বা অর্ডার নম্বর ব্যবহার করে প্রতারকরা আপনাকে ফোন করতে পারে। তারা নিজেদের ই-কমার্স সংস্থার ‘কাস্টমার কেয়ার’ প্রতিনিধি পরিচয় দিয়ে আপনাকে রিফান্ড বা ক্যাশব্যাকের লোভ দেখিয়ে ফিশিং লিঙ্ক পাঠাতে পারে। সামান্য একটি কাগজ যা আপনি আবর্জনা ভেবে ফেলে দিয়েছিলেন, তা থেকেই হ্যাকাররা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিস পেতে পারে।

নিরাপদ থাকার সহজ ৪টি উপায়:

বিপদ এড়াতে বিশেষজ্ঞরা কয়েকটি সহজ নিয়ম মেনে চলার পরামর্শ দিচ্ছেন: ১. তথ্য নষ্ট করুন: প্যাকেট ফেলার আগে অবশ্যই নাম, ঠিকানা ও ফোন নম্বর থাকা অংশটি ছিঁড়ে ফেলুন বা মার্কার পেন দিয়ে মুছে দিন। ২. কিউআর কোড ধ্বংস করুন: লেবেলে থাকা বারকোড বা কিউআর কোডটি অবশ্যই কেটে বা ঘষে নষ্ট করে ফেলুন। ৩. বাক্স ছোট করুন: বড় ইলেকট্রনিক পণ্যের বাক্সগুলো আস্ত না ফেলে ছোট ছোট টুকরো করে ফেলুন যাতে বাইরে থেকে বোঝা না যায় ভিতরে কী ছিল। ৪. পরিবেশের খেয়াল: প্লাস্টিক, থার্মোকল এবং কার্ডবোর্ড আলাদা করে রিসাইক্লিং বিনে ফেলার চেষ্টা করুন।

অনলাইন কেনাকাটা জীবনকে সহজ করলেও, আপনার একটু অসতর্কতা কিন্তু বড় বিপদ ডেকে আনতে পারে। তাই পণ্য হাতে পাওয়ার পর শুধু তা ব্যবহার নয়, তার মোড়কটি কীভাবে নষ্ট করছেন, সেদিকেও নজর দিন। মনে রাখবেন, আপনার সুরক্ষার চাবিকাঠি আপনার হাতেই।