“ঠাকুরপো, তুমি আমার দুপুর ঠাকুরপো হবে?”, কাকে এমন প্রস্তাব দিয়েছিলেন পাপিয়া অধিকারি?

একসময় বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রিতে যার নামের আগে লেখা হতো ‘হট’ নায়িকা পাপিয়া অধিকারি, সেই অভিনেত্রীই তাঁর একটি সংলাপের জন্য আজও দর্শকদের মনে উজ্জ্বল। একশোরও বেশি ছবিতে অভিনয় করেছেন, যার মধ্যে বাংলা ছাড়াও ছিল তামিল এবং ভোজপুরি ছবি। শুধু সিনেমা নয়, যাত্রার মঞ্চেও তিনি সমান জনপ্রিয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই পাপিয়াই জানালেন তাঁর একটি সংলাপ নিয়ে এক মজার ঘটনার কথা, যা আজও তাঁকে মনে করিয়ে দেয় সেই সময়ের উন্মাদনা।
ঘটনাটি ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত পরিচালক শঙ্খ বন্দ্যোপাধ্যায়ের ছবি ‘হাসি খুশি ক্লাব’ প্রসঙ্গে। এই ছবিতে পাপিয়া অধিকারী ছাড়াও অভিনয় করেছিলেন জিৎ, বিশ্বজিৎ চক্রবর্তী এবং বিশ্বনাথ বসুর মতো অভিনেতারা। যদিও ছবিটি বক্স অফিসে সফল হয়নি, তবে ছবির একটি বিশেষ সংলাপের জন্য পাপিয়ার চরিত্রটি দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করে। সংলাপটি ছিল – “ঠাকুরপো, তুমি আমার দুপুর ঠাকুরপো হবে?”
সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে পাপিয়া অধিকারী সেই সংলাপের পেছনের একটি মজার ঘটনা তুলে ধরেন। ‘হাসি খুশি ক্লাব’ ছবিটি ফ্লপ হওয়ার কারণে তিনি একরকম ভুলেই গিয়েছিলেন সেই সংলাপের কথা। একবার একটি ফাংশনে মঞ্চে উঠলে দর্শকদের মধ্যে তাঁকে নিয়ে তুমুল উত্তেজনা তৈরি হয়। পাপিয়া কিছু বলার আগেই ভিড়ের মধ্য থেকে এক ব্যক্তি হঠাৎ বলে ওঠেন, “দিদি, দুপুর ঠাকুরপো হয়ে যাক!”
ব্যক্তির কথা শুনে পাপিয়া রীতিমতো চমকে যান। তিনি কিছুতেই মনে করতে পারছিলেন না ‘দুপুর ঠাকুরপো’ আসলে কীসের কথা। সঙ্গে থাকা ম্যানেজার নিখিলদাকে জিজ্ঞাসা করলে তিনি মনে করিয়ে দেন যে এটি ‘হাসি খুশি ক্লাব’ ছবির সংলাপ। পাপিয়া অবাক হয়ে যান যে, একটি ফ্লপ ছবির সংলাপ আজও দর্শকদের মনে আছে! সেদিন তিনি দর্শকদের আবদার মেনে মঞ্চে সেই সংলাপটি বলেন এবং তা শুনে দর্শকদের মধ্যে ব্যাপক হইচই শুরু হয়ে যায়।
যদিও ছবিতে তিনি ঠাকুরপো বলে জিৎ-কে ডাকতেন, পাপিয়ার মুখে এই সংলাপ শুনে জিৎ রীতিমতো চমকে উঠতেন। ছবিটি বক্স অফিসে ব্যর্থ হলেও, পাপিয়ার অভিনীত ‘রঞ্জনা বউদি’ চরিত্রটি এবং তার বলা এই সংলাপটি এতটাই জনপ্রিয় হয়েছিল যে আজও তা দর্শকদের স্মরণে রয়ে গেছে। পাপিয়ার কথায়, “ছবি ফ্লপ হোক, পাপিয়া কিন্তু সুপারহিট।”
উল্লেখ্য, একসময় চিত্রনাট্যকার গৌরীপ্রসন্ন মজুমদার পাপিয়ার ‘কোনও অ্যাপিল নেই’ বলে মন্তব্য করেছিলেন। কিন্তু পরে ‘দেবীবরণ’ ছবিতে দুর্দান্ত অভিনয় করে সেই কথাকে ভুল প্রমাণ করে দেখিয়েছিলেন পাপিয়া। সেই থেকে সিনেমার পর্দা এবং যাত্রার মঞ্চে তিনি সমানভাবে সফল একজন অভিনেত্রী।