জেলার যাত্রীদের জন্য সুখবর, দূর হবে ভিড়ের দুর্ভোগ! নয়া রুটে চালু ট্রেন

প্রতিদিন জেলা থেকে কলকাতায় কাজে আসা হাজার হাজার যাত্রীর জন্য সুখবর। যাত্রীদের ক্রমবর্ধমান চাপ সামলাতে এবং আরও আরামদায়ক ও সুরক্ষিত পরিষেবা নিশ্চিত করতে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন দুটি গুরুত্বপূর্ণ শাখায় আরও ৫টি নতুন ইএমইউ লোকাল ট্রেন চালু করেছে। এর মধ্যে শিয়ালদহ-ডায়মন্ড হারবার শাখায় ৩টি এবং বারাসত-বসিরহাট শাখায় ২টি নতুন ট্রেন যুক্ত হয়েছে।

শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা জানিয়েছেন যে, যাত্রী নিরাপত্তা, সুরক্ষা এবং আরামের বিষয়টিকে তাঁরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। এই লক্ষ্যেই ডায়মন্ড হারবার রুট এবং বারাসত-বসিরহাট শাখার ভিড় কমাতে এই ৫টি অতিরিক্ত ইএমইউ স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন ট্রেনগুলির বিস্তারিত সময়সূচি নিম্নরূপ:

সোনারপুর – ডায়মন্ড হারবার স্পেশাল: সোনারপুর থেকে সকাল ৫:০০টায় ছেড়ে ডায়মন্ড হারবার পৌঁছবে সকাল ৬:০৫ মিনিটে।

ডায়মন্ড হারবার – বালিগঞ্জ স্পেশাল: ডায়মন্ড হারবার থেকে সকাল ৬:৩০টায় ছেড়ে বালিগঞ্জ পৌঁছবে সকাল ৭:৫৬ মিনিটে।

বালিগঞ্জ – সোনারপুর স্পেশাল: বালিগঞ্জ থেকে সকাল ৮:১৪ মিনিটে ছেড়ে সোনারপুর পৌঁছবে সকাল ৮:৩৩ মিনিটে।

বারাসত – বসিরহাট স্পেশাল: বারাসত থেকে সকাল ৬:২৫ মিনিটে ছেড়ে বসিরহাট পৌঁছবে সকাল ৭:২৫ মিনিটে।

বসিরহাট – বারাসত স্পেশাল: বসিরহাট থেকে সকাল ৭:৩৫ মিনিটে ছেড়ে বারাসত পৌঁছবে সকাল ৮:৩৭ মিনিটে।

রেলের তরফে জানানো হয়েছে, এই অতিরিক্ত ট্রেন পরিষেবাগুলি বিশেষ করে সকালের ব্যস্ত সময়ে চালু হওয়ায় যাত্রীদের চাপ উল্লেখযোগ্যভাবে কমবে। শহরতলির এই দুটি গুরুত্বপূর্ণ রুটে ভিড় সামলাতে এটি একটি অত্যন্ত কার্যকর পদক্ষেপ বলে মনে করছেন রেল কর্তৃপক্ষ।

উল্লেখ্য, সম্প্রতি শিয়ালদহ ডিভিশনের তরফে আরও ঘোষণা করা হয়েছিল যে, অফিসের ব্যস্ত সময়ে অতিরিক্ত ভিড় সামাল দিতে শিয়ালদহ সেকশনে আরও পাঁচটি লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ট্রেনগুলি দমদম ক্যান্টনমেন্ট থেকে বনগাঁ জংশনের মধ্যে চলবে। এর মধ্যে একটি ট্রেন সকাল ৭:৪১ মিনিটে বনগাঁ থেকে ছেড়ে দমদম ক্যান্টনমেন্ট পৌঁছবে সকাল ৯:১৬ মিনিটে। আরেকটি ট্রেন সকাল ৯:৪৫ মিনিটে দমদম ক্যান্টনমেন্ট থেকে ছেড়ে বারাসত জংশন পৌঁছবে সকাল ১০:১৫ মিনিটে। একইভাবে, বিকেল ৫:৩৭ মিনিটে একটি ট্রেন বারাসত থেকে ছেড়ে দমদম ক্যান্টনমেন্ট পৌঁছবে সন্ধ্যা ৬:০০টায়। অন্য একটি ট্রেন দমদম ক্যান্টনমেন্ট থেকে সন্ধ্যা ৬:২৬ মিনিটে ছেড়ে রাত ৮:১০ মিনিটে বনগাঁয় পৌঁছবে। সর্বশেষ ট্রেনটি রাত ৮:২০ মিনিটে বনগাঁ থেকে ছেড়ে বারাসত পৌঁছবে রাত ৯:২৫ মিনিটে।

ডিআরএম রাজীব সাক্সেনা স্পষ্টভাবে জানিয়েছেন, অফিস টাইমে এবং অফিস ফেরত যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই পূর্ব রেল এই অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ করে বিধাননগর এবং দমদম স্টেশনে অতিরিক্ত ভিড়ের কারণে দমদম ক্যান্টনমেন্ট থেকে এই অতিরিক্ত ট্রেনগুলি চালানো হচ্ছে। এই পদক্ষেপগুলি শহরতলির রেল যাত্রীদের জন্য নিঃসন্দেহে স্বস্তি বয়ে আনবে।