হিমাচলের মান্ডিতে মর্মান্তিক দুর্ঘটনা! গভীর খাদে পরে গেল HRTC বাস, বহু মানুষের প্রাণহানির আশঙ্কা

হিমাচল প্রদেশের মান্ডি জেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে গেছে। প্রাথমিকভাবে পাওয়া খবর অনুযায়ী, এই দুর্ঘটনায় ২০ থেকে ২৫ জন গুরুতর আহত হয়েছেন এবং বহু মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। ঘটনার খবর পেয়ে সারকাঘাটের ডিএসপি সহ উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে।
সূত্রের খবর, মান্ডি জেলার সারকাঘাটের মাসরেন এলাকার কাছে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। জানা গেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টা নাগাদ মাসরেনের ট্রাংলা গ্রামের একটি তীক্ষ্ণ বাঁক থেকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ট্রাংলা গ্রামের এক মহিলা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দুর্ঘটনার খবর জানিয়েছেন, যদিও তিনি আহতদের সঠিক সংখ্যা উল্লেখ করেননি।
প্রাথমিক তথ্যে জানা যাচ্ছে, দুর্ঘটনা কবলিত বাসটি সারকাঘাট-জামনি দুর্গাপুর রুটে চলাচল করছিল। মাসরেনের কাছে পৌঁছাতেই এটি দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনাস্থলের ভয়াবহতা দেখে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় প্রশাসন এবং উদ্ধারকারী দল আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছে। দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি, তবে পুলিশের তদন্ত শুরু হয়েছে।