এবার দুর্গাপুজোর বক্স অফিস লড়াইয়ে প্রসেনজিত্‍-দেব! সঙ্গে আসছে ‘রক্তবীজ টু’

আসন্ন দুর্গাপূজোর বক্স অফিস এবার আরও জমজমাট হতে চলেছে। দেব অভিনীত ‘রঘুডাকাত’ এবং নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘রক্তবীজ টু’ মুক্তির ঘোষণা আগেই হয়েছিল। এবার জানা গেল, পরিচালক শুভ্রজিৎ মিত্রের প্রতীক্ষিত ছবি **‘দেবী চৌধুরানী’**ও দুর্গাপূজোতেই মুক্তি পাবে। এই ছবিতে ‘দেবী চৌধুরানী’ রূপে থাকছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং তাঁর পাশে ভবানী পাঠকের চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে।

একই উৎসবে দেব ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মুখোমুখি হচ্ছেন, যা দর্শক ও চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে বেশ উত্তেজনা সৃষ্টি করেছে। গত বছর এই দুই সুপারস্টার ‘কাছের মানুষ’ নিয়ে একসঙ্গে পুজোর বাজারে এসেছিলেন। তবে এবার পুজোর বক্স অফিসের লড়াইয়ে তাঁরা কার্যত একে অপরের প্রতিপক্ষ। যদিও ব্যক্তিগত জীবনে দেব এবং প্রসেনজিতের সম্পর্ক বেশ ভালো, তাই একে-অন্যের ছবিকে শুভেচ্ছা জানানোটা প্রত্যাশিত।

পরিচালক শুভ্রজিৎ মিত্রর ‘দেবী চৌধুরানী’ ছবি নিয়ে উত্তেজনার পারদ চড়ছে। এই পিরিয়ড পিসের কাজ শুভ্রজিৎ এক বছরের বেশি সময় ধরে করছেন। ছবির প্রথম ঝলক সামনে আসার পর থেকেই দর্শক মহলে তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। শ্রাবন্তীকে সঙ্গে নিয়ে প্রসেনজিৎ ইতিমধ্যেই এক জায়গায় এই ছবির প্রচার করেছেন। তাই দুর্গাপূজার সময় এই তিন ছবির প্রচারপর্ব যে জমজমাট হবে, তা বলাই বাহুল্য।

গত বছর দুর্গাপূজোতে ‘টেক্কা’, ‘শাস্ত্রী’ আর ‘বহুরূপী’ মুক্তি পেয়েছিল। তবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বা শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনীত কোনো ছবি গতবার দুর্গাপূজোতে মুক্তি পায়নি। অনেক দর্শকই দুর্গাপূজোর সময় প্রসেনজিৎ অভিনীত ছবি দেখার জন্য অপেক্ষা করে থাকেন। এবার তাঁদের সেই সাধ পূরণ হতে চলেছে। ২০২৩ সালের দুর্গাপূজোতে সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় প্রসেনজিৎ অভিনীত ‘দশম অবতার’ ব্লকবাস্টার হয়েছিল। এবারও এই বিগ রিলিজগুলি বক্স অফিসে কতটা সাফল্য পায়, সেটাই দেখার।