এবার বড় চমক নিয়ে ছোটপর্দায় আসতে চলেছেন কৌশানী মুখোপাধ্যায়!

গত দু’বছর ধরে টলিউডে একের পর এক ছকভাঙা চরিত্রে অভিনয় করে শিরোনামে রয়েছেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। এবার তিনি ছোটপর্দায় পা রাখছেন, তবে কোনো ধারাবাহিকে নয়, সান বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ সিজন ২-এর বিশেষ পর্বে অতিথি হিসেবে দেখা যাবে তাকে।
এই মুহূর্তে নিজের জন্মদিন উদযাপন করে প্রেমিক বনি সেনগুপ্তের সঙ্গে বালিতে ছুটি কাটাচ্ছেন কৌশানী। তারই মাঝে তার ছোটপর্দায় আসার খবর এল। সান বাংলার এই জনপ্রিয় শো বাংলার বিভিন্ন প্রান্তের নারীদের জীবন সংগ্রাম ও স্বপ্ন পূরণের গল্প তুলে ধরে। কেউ অনুপ্রেরণা জোগাতে আসেন, আবার কেউ আসেন খেলায় জিতে স্বপ্ন পূরণের আশায়। এবার মাসের ফাইনাল পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকছেন কৌশানী।
এই মঞ্চে এসে কৌশানী উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “এই মঞ্চে এসে সত্যিই মন ভরে গেল। এত মা লক্ষ্মীদের দেখে মনে হল আমিও লক্ষ্মীলাভ করলাম। সুদীপ্তাদি দারুণভাবে অনুষ্ঠানটি পরিচালনা করছেন।” আগামী ৩১ মে সন্ধ্যা ৬টায় সম্প্রচারিত হবে এই বিশেষ ফাইনাল পর্ব। বিজয়িনী জিতে নেবেন ২ লাখ টাকা এবং তাদের জীবনের অনুপ্রেরণামূলক গল্প তুলে ধরা হবে।

চার রাউন্ডের এই খেলায় কেউ খালি হাতে ফেরেন না, প্রত্যেকেই কিছু না কিছু নগদ পুরস্কার পান। এই অনুষ্ঠান শুধু একটি খেলা নয়, এটি নারীর স্বনির্ভরতা ও সাহসিকতার এক প্রতিচ্ছবি। প্রতিদিন সন্ধ্যা ৬টায় সান বাংলায় সম্প্রচারিত হয় এই শো।
প্রসঙ্গত, জন্মদিন উদযাপন করে বনি সেনগুপ্তের সঙ্গে ইন্দোনেশিয়ার বালিতে ছুটি কাটাচ্ছেন কৌশানী। সেখান থেকে মাঝে মাঝেই নানা ছবি পোস্ট করছেন এই জুটি। সব মিলিয়ে কৌশানীর পেশাগত জীবন থেকে ব্যক্তিগত জীবন, সবকিছুই বেশ ভালো কাটছে, তা বলাই বাহুল্য।