‘প্রত্যেক ভারতীয়ের শপথ হল সন্ত্রাসবাদ শেষ করা’, মন কি বাতে অপারেশন সিঁদুরের জয়গান মোদীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এ ‘অপারেশন সিঁদুর’ নিয়ে আবারও জোরালো বার্তা দিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে, ভারত সন্ত্রাসবাদ নির্মূলে বদ্ধপরিকর এবং পাকিস্তানের জঙ্গিঘাঁটি নিখুঁতভাবে ধ্বংস করার জন্য দেশের সেনাবাহিনীকে ভূয়সী প্রশংসা করেছেন। প্রমাণস্বরূপ তিনি ধ্বংস হওয়া লস্কর ঘাঁটির ছবিও দেখিয়েছেন।
আজকের ‘মন কি বাত’ অনুষ্ঠানের অনেকটা জুড়েই ছিল ‘অপারেশন সিঁদুর’-এর কথা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “আজ গোটা দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হয়েছে। তাদের মধ্যে রাগ থাকলেও রয়েছে দৃঢ়চেতনা। আজ প্রত্যেক ভারতীয়ের শপথ হলো সন্ত্রাসবাদ শেষ করা।”
তিনি ‘অপারেশন সিঁদুর’-এ দেশের তিন বাহিনীর অসাধারণ দক্ষতার প্রশংসা করে বলেন, “যে নিখুঁত ও সঠিকভাবে আমাদের বাহিনী জঙ্গিদের ঘাঁটি ধ্বংস করেছে, তা প্রশংসনীয়। অপারেশন সিঁদুর শুধু সামরিক মিশন ছিল না, এটা পরিবর্তিত ভারতের দক্ষতার ছবি। এবং এই ছবি গোটা দেশের মধ্যে দেশাত্মবোধ জাগিয়ে তুলেছে। দেশকে তিরঙ্গায় রাঙিয়ে তুলেছে।”
প্রধানমন্ত্রী দেশজুড়ে ‘তিরঙ্গা যাত্রা’, নবজাতক শিশুকন্যাদের ‘সিঁদুর’ নামকরণের মতো উদ্যোগকেও সাধুবাদ জানান। তিনি জঙ্গি ও তাদের মদতদাতাদের কঠিন জবাব দেওয়া হবে বলে জানান এবং নিহতদের পরিবারকে আশ্বাস দিয়ে বলেন, “আপনারা ন্যায় বিচার পাবেনই।”
‘মন কি বাত’ অনুষ্ঠানে তিনি বিগত কয়েক বছরে কাশ্মীরের ব্যাপক উন্নতি নিয়েও কথা বলেন। তিনি তুলে ধরেন কীভাবে বিগত বছরে জম্মু-কাশ্মীরে পর্যটন বেড়েছে, যুব সম্প্রদায়ের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। তিনি দাবি করেন, পহেলগাঁওয়ের জঙ্গি হামলা এই উন্নয়ন রুখতে শত্রুদের চেষ্টা ছিল। উল্লেখ্য, গত ৭ মে, ২০২৫ তারিখে ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তানের বিভিন্ন স্থানে সামরিক অভিযান চালিয়েছিল, যার নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন সিঁদুর’। ২২ এপ্রিলের পহেলগাঁও হামলার বদলা নিতেই এই অভিযান চালানো হয়, যেখানে বেছে বেছে হিন্দু পর্যটকদের ওপর হামলা চালানো হয়েছিল এবং মহিলাদের সিঁদুর মুছে দেওয়া হয়েছিল। এই হামলার পরিপ্রেক্ষিতেই এই অপারেশনের এমন নামকরণ করা হয়।