‘নতুন লুকে ‘ডাকিনী’ লাগছে’, কটাক্ষ নেটিজেনদের, অপমানের কড়া জবাব দিলেন মধুবনী

দীর্ঘদিন ধরে অভিনয় জগত থেকে দূরে থাকলেও অভিনেত্রী মধুবনী গোস্বামী সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। সম্প্রতি তিনি নিজের পার্লার খুলেছেন এবং নিয়মিত ভ্লগ পোস্ট করে অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রাখেন। সংসার ও সন্তান সামলানোর পাশাপাশি জীবনের খুঁটিনাটি সবই তিনি ভাগ করে নেন। তবে এবার নিজের পার্লার থেকে চুলের রঙ বদলে তিনি নেটিজেনদের তীব্র কটাক্ষের শিকার হয়েছেন। অনেকেই তাঁর নতুন লুককে ‘ডাকিনী’ বলেও আক্রমণ করেছেন। এই অপমানের কড়া জবাব দিলেন মধুবনী।

একটি ভিডিওর মাধ্যমে মধুবনী তাঁর পেজ থেকে এই কটাক্ষের জবাব দেন। তিনি বলেন, “তোমরা জানো ডাকিনী কে? মা কালীর সহচরী, হিন্দু ও বৌদ্ধ ধর্মে ডাকিনী অত্যন্ত শক্তিশালী এবং সম্মানজনক এক চরিত্র। আমায় ছোট করতে গিয়ে তোমরা আদতে আমার প্রশংসা করে ফেলছ। গুগল করো, তারপর মন্তব্য করো। না জেনে কিছু বলো না।”

 

View this post on Instagram

 

A post shared by Madhubani Goswami (@madhubani.goswami)

তিনি স্পষ্ট করে বুঝিয়ে দেন যে, বারবার কুমন্তব্য করার ফলে যদি কেউ ভেবে থাকেন যে তিনি চুলের রঙ পাল্টে ফেলবেন, তাহলে তাঁরা ভুল করছেন। কারণ তিনি কখনও নিজের মতের বিরুদ্ধে কোনো কাজ করেননি।

দৃঢ়ভাবে মধুবনী বলেন, “চুলের রঙ বদলাবো না। এটা আমার পছন্দ। আমি কখনও লোকের কথায় নিজের সিদ্ধান্ত বদলাইনি। এবারও বদলাবো না।” তিনি স্পষ্ট করে দেন যে, অনেকেই তাঁর মতো ছকভাঙা লুক ধরে রাখতে পছন্দ করেন, কিন্তু তাঁদেরও এমনভাবেই হয়তো কটাক্ষের শিকার হতে হয়। মধুবনী আরও জানান যে, তাঁকে দেখে তাঁর পার্লার থেকে অনেকেই এই রঙ চুলে করিয়েছেন। ফলে তিনি কোনো মতেই নিজের চুলের রঙ পরিবর্তন করবেন না।