ঈদে মুক্তি পাচ্ছে না রণবীর-আলিয়া অভিনীত ‘লাভ অ্যান্ড ওয়ার’, বক্সঅফিসের টক্কর এড়াতেই কি এই সিদ্ধান্ত পরিচালকের?

বলিউড পরিচালক সঞ্জয় লীলা বনশালি তাঁর আগামী ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে দর্শকদের মধ্যে ইতিমধ্যেই বিপুল আগ্রহ তৈরি করেছেন। রণবীর কাপুর, ভিকি কৌশল এবং আলিয়া ভাট অভিনীত এই বিগ বাজেট ছবিটি ২০২৬ সালের ইদে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সর্বশেষ খবর অনুযায়ী, সেই সময়ে ছবিটি আর মুক্তি পাচ্ছে না। কাকতালীয়ভাবে, ২০২৬ সালের একই সময়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত ছবি ‘টক্সিক’।
তবে কি বড়সড় বক্স অফিস সংঘাত এড়ানোর জন্যই বনশালি তাঁর ছবির মুক্তি পিছিয়ে দিলেন? ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন তেমনই ইঙ্গিত দিচ্ছে। জানা যাচ্ছে, ২০২৬ সালের মার্চ মাসে ‘লাভ অ্যান্ড ওয়ার’ মুক্তি পাবে না। ছবির শুটিং নির্ধারিত সময়েই শুরু হয়েছিল।
তবে এই মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ সঞ্জয় লীলা বনশালির নিজস্ব বলে জানা যাচ্ছে। প্রাথমিকভাবে ২০২৫ সালের নভেম্বরের মধ্যেই ছবির কাজ শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু এখন শোনা যাচ্ছে, ২০২৬ সালের ফেব্রুয়ারির আগে ছবির কাজ শেষ হওয়ার কোনো সম্ভাবনা নেই। সেক্ষেত্রে ছবিটি ২০২৬ সালের মাঝামাঝি সময়ে মুক্তি পেতে পারে।
ছবি তৈরির ক্ষেত্রে বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে বলেও খবর। বনশালি নিজের প্রযোজনা সংস্থা থেকেই এই ছবিটি তৈরি করছেন। একটি পিরিয়ড ফিল্ম হওয়ায় এর জন্য বিপুল বাজেট এবং সময় প্রয়োজন। ডেডলাইনের আগেই কাজ শেষ করা এবং বাজেটের মধ্যে থাকার বিষয়টি নিয়ে তিনি চিন্তিত ছিলেন। এই মুহূর্তে পরিচালক ছবির বাকি অংশের কাজ শুরুর আগে ফান্ড জোগাড়ের দিকে মনোযোগ দিয়েছেন। আরও প্রায় দু’মাস পর ছবির বাকি অংশের শুটিং শুরু হবে। ২০২৬ সালের মাঝামাঝি ঠিক কোন তারিখে ছবিটি মুক্তি পাবে, সেই চূড়ান্ত সিদ্ধান্তও বনশালিকেই নিতে হবে।
রণবীর, আলিয়া ও ভিকির মতো তারকাদের একসঙ্গে নিয়ে বনশালির এই পিরিয়ড ড্রামা নিয়ে দর্শকের প্রত্যাশা আকাশছোঁয়া। এই অবস্থায় মুক্তি পিছিয়ে যাওয়ায় ছবির ব্যবসায়িক দিকের কথা মাথায় রেখে বনশালির এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ। যশ অভিনীত ‘টক্সিক’-এর মতো একটি বহু প্রতীক্ষিত ছবির সঙ্গে একই দিনে মুক্তি পেলে তার প্রভাব বক্স অফিসে পড়তেই পারত।