এবার ভিন্ন চরিত্রে অভিনয় করবেন সইফ আলী খান, থাকছে চমক

বলিউড অভিনেতা সাইফ আলি খান এবার এক ঐতিহাসিক চরিত্রে দর্শকদের সামনে আসতে চলেছেন। জানা যাচ্ছে, রাহুল ঢোলাকিয়া পরিচালিত একটি পিরিয়ড ড্রামার শুটিং চলতি সপ্তাহেই শুরু করতে চলেছেন তিনি। এই ছবিতে সাইফকে দেখা যাবে স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কমিশনার সুকুমার সেনের ভূমিকায়। নেটফ্লিক্সের জন্য ছবিটি নির্মিত হচ্ছে।
এই ছবির মূল প্রেক্ষাপট হলো স্বাধীন ভারতে প্রথম সাধারণ নির্বাচন পরিচালনা করার বিশাল কর্মকাণ্ড। জওহরলাল নেহেরুর শাসনামলে ১৯৫১ সালে দেশের প্রথম নির্বাচনী প্রক্রিয়া, যা এক বিশাল ‘রাজসূয় যজ্ঞে’র সমতুল্য ছিল, কীভাবে সুকুমার সেনের তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছিল, সেই ঐতিহাসিক ঘটনাপ্রবাহই ছবির বিষয়বস্তু। স্বাধীনতার দুই বছর পর দেশের প্রথম গণতন্ত্রের উৎসব পরিচালনার দায়িত্ব ছিল তাঁর কাঁধে।
জানুয়ারি মাসেই এই ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু একটি ঘটনার পর সাইফের আঘাতের কারণে শুটিং শুরু হতে বিলম্ব হয়। শোনা যাচ্ছে, আঘাত সারিয়ে এটিই সাইফের প্রথম সিনেমার শুটিং। আগামী কয়েক সপ্তাহ ধরে মুম্বইয়ের বিভিন্ন লোকেশনে এই ছবির কাজ চলবে।
সাইফ আলি খান ছাড়াও এই পিরিয়ড ড্রামায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন দীপক দোবরিয়াল এবং প্রতীক গান্ধী। যেহেতু প্রথম নির্বাচন কমিশনার সুকুমার সেন সম্পর্কিত বইপত্র বা তথ্য খুব বেশি সহজলভ্য নয়, তাই এই চরিত্রটি ফুটিয়ে তোলা নির্মাতাদের জন্য একটি চ্যালেঞ্জ হবে। ভারতের গণতন্ত্রের ভিত্তি স্থাপনে সুকুমার সেনের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং প্রথম নির্বাচনের পেছনের অজানা কাহিনি এই ছবির মাধ্যমে তুলে ধরা হবে।