“নায়িকাদের কি শুধু চুমুই খেয়েছি?” গোপন কথা ফাঁস করলেন ইমরান হাসমি

বলিউডে পা রাখার পর থেকেই তাঁর নামের পাশে জুড়ে গিয়েছিল ‘সিরিয়াল কিসার’ তকমা। তনুশ্রী দত্ত থেকে শুরু করে উদিতা গোস্বামী, মাল্লিকা শেরাওয়াত, বিপাশা বসু, কঙ্গনা রানাওয়াত – বহু নায়িকার সঙ্গেই পর্দায় তাঁর ঠোঁটঠাসা চুম্বন নিয়ে চর্চা হয়েছে বিস্তর। নতুন অভিনেত্রীদের কাছে ইমরান হাশমির বিপরীতে অভিনয় মানেই যেন ছিল চুম্বন দৃশ্য। যদিও এই ‘কিসিং কিং’-এর খ্যাতি প্রযোজকদের ঘরে টাকা এনে দিলেও এবং বক্স অফিসে সাফল্য এনে দিলেও, অভিনেতা ইমরান হাশমির কিন্তু এই তকমা একেবারেই পছন্দের নয়। বরং তিনি চান, দর্শক তাঁকে একজন অভিনেতা হিসেবেই চিনুক।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের মনের এই গোপন ইচ্ছার কথা শেয়ার করলেন ইমরান হাশমি। স্পষ্ট ভাষায় তিনি বলেন, “আমি কি শুধু নায়িকাদের চুমুই খেয়েছি!”
বিষয়টি বিশদে বলতে গিয়ে ইমরান জানান, ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত মুকেশ ভাটের ছবি ‘ফুটপাথ’ দিয়ে তাঁর বলিউড যাত্রা শুরু হয়। এরপর ‘মার্ডার’ এবং ‘গ্যাংস্টার’-এর মতো ছবিতে তাঁর অভিনয় নজর কাড়ে। তবে ইমরানের আক্ষেপ, তাঁকে অভিনেতা হিসেবে তেমনভাবে সমাদৃত করা হয়নি। বরং ইন্ডাস্ট্রির একটা বড় অংশ তাঁকে কেবল ‘পোস্টার বয়’ হিসেবেই দেখতেন।
সাক্ষাৎকারে ইমরান আরও বলেন, “প্রথম ছবি থেকেই আমি অভিনয়কে বেশি গুরুত্ব দিয়েছি। কিন্তু অভিনেতা হিসেবে তেমন প্রশংসা পাইনি। তবে হ্যাঁ, বলিউডে এখনও এমন কয়েকজন রয়েছেন, যাঁরা আমাকে সিরিয়াল কিসারের বাইরে গিয়েও অভিনেতা হিসেবে মনে করেন। সম্ভবত সেই কারণেই আমি ‘ডার্টি পিকচার’-এর মতো ছবিতে অভিনয় করার সুযোগ পেয়েছিলাম। আমি সবাইকে এটাই বলতে চাই, আমি শুধু নায়িকাদের চুমু খাই না।”
ইমরান হাশমির এই অকপট স্বীকারোক্তি আবারও প্রমাণ করে যে তিনি নিজের ‘সিরিয়াল কিসার’ ইমেজ ঝেড়ে ফেলে একজন সিরিয়াস অভিনেতা হিসেবে ইন্ডাস্ট্রিতে নিজের পরিচিতি তৈরি করতে কতটা আগ্রহী। এখন দেখার বিষয়, আগামী দিনে তিনি দর্শকদের কাছে সেই স্বীকৃতি আদায় করতে কতটা সফল হন।